ইউক্রেন যুদ্ধ বন্ধে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ দিতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এ কথা জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আলোচনায় ইউরোপের অংশগ্রহণের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন।
তবে পুতিন বলেছেন, ইউক্রেনে শান্তি নাকি যুদ্ধ—ইউরোপীয় দেশগুলো আসলে কী চায়, তা বুঝতে যুক্তরাষ্ট্রকে তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে কাজ করতে হবে। রাশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে যুদ্ধের অবসানের পদ্ধতি নিয়ে বড় ধরনের মতপার্থক্য থাকায় শান্তি আলোচনা কতটা এগোবে, তা নিয়ে অনিশ্চয়তাও রয়েছে।
ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে উইটকফ বলেন, পরবর্তী বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেবেন। তিনি বলেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের অংশীদার এবং শান্তি আলোচনায় তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
পরে উইটকফ ও যুক্তরাষ্ট্রের আরেক বিশেষ দূত জ্যারেড কুশনার আয়ারল্যান্ডে যান। সেখানে ইউরোপীয় এক সম্মেলনে যোগ দিতে ডাবলিনে অবস্থানরত জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠক হয়। পরবর্তী আলোচনায় ইউরোপের অংশগ্রহণের সম্ভাবনায় সন্তোষ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে আলোচনার এজেন্ডাতে যুদ্ধবিরতি ও সংঘাতের উত্তেজনা কমানোর পদক্ষেপ রাখার আশা জানান তিনি।
তবে বৈঠকের পর নতুন কিছু মতবিরোধও সামনে এসেছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি স্যাটেলাইট যোগাযোগব্যবস্থায় নতুন বিধিনিষেধ আরোপের কারণে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। পাশাপাশি ইউরোপের নতুন নিরাপত্তাব্যবস্থা নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা করার বিষয়টিকে তিনি কিছুটা অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন।
আলোচনায় ইউরোপের ভূমিকা নিয়ে মতপার্থক্য
ক্রেমলিনে বৈঠকের সময় কুশনার পুতিনকে বলেন, ইউরোপের অবস্থানে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করেছে ওয়াশিংটন। শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে যুক্ত করলে অগ্রগতি বাধাগ্রস্ত হবে না বলেও যুক্তরাষ্ট্র আশাবাদী।
পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া কখনোই আপত্তি করেনি। তাঁর দাবি, রাশিয়া ইউরোপের সঙ্গে সংলাপ বন্ধ করেনি; বরং ইউরোপীয় দেশগুলোই রাশিয়ার সঙ্গে আলোচনা বন্ধ করেছে।
তবে শান্তিচুক্তির পর ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সেনা মোতায়েনের প্রস্তাবের বিরোধিতা করেন রুশ প্রেসিডেন্ট। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে এবং এর ফলে আবার যুদ্ধ শুরু হতে পারে।
পুতিন বলেন, ইউক্রেনে শান্তি নাকি যুদ্ধ—ইউরোপীয় মিত্ররা শেষ পর্যন্ত কী চায়, তা স্পষ্ট করতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের তাদের সঙ্গে কাজ করা উচিত।
তবে বৈঠকের পর ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ পরবর্তী দফার আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। তিনি বলেন, ইউক্রেন নিয়ে ইউরোপের বর্তমান অবস্থান কার্যত অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ তৈরি করছে।
আয়ারল্যান্ডে দুই মার্কিন দূতের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, আলোচনার পথের সব বাধা দূর করা জরুরি। তিনি আশা করেন, পরবর্তী বৈঠকে উত্তেজনা কমানো এবং যুদ্ধবিরতির বিষয়ে একটি কর্মসূচি নির্ধারণ করা সম্ভব হবে।
নয় মাস পর সরাসরি আলোচনায় রাশিয়া-ইউক্রেন
চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিন ধরে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। গত নয় মাসের মধ্যে এটিই ছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রথম সরাসরি আলোচনা।
কিয়েভ ও মস্কো উভয় পক্ষই আলোচনায় কিছু অগ্রগতির কথা জানিয়েছে। তবে ভূখণ্ড নিয়ে মতপার্থক্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সমাধান হয়নি। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে পূর্বাঞ্চলীয় দনবাসের বাকি অংশ ছেড়ে দিতে রাজি নয় কিয়েভ।
এদিকে বৃহস্পতিবার জেলেনস্কি বলেন, স্টারশিল্ড স্যাটেলাইট যোগাযোগসেবায় বিঘ্নের কারণে ইউক্রেনের পুরো সম্মুখযুদ্ধের এলাকায় এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় ভূখণ্ডের কিছু অংশে সমস্যা দেখা দিয়েছে। স্টারশিল্ড হলো স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার সামরিক সংস্করণ। গত মাসেও একই ধরনের সমস্যায় পড়েছিল ইউক্রেন।
জেলেনস্কি বলেন, স্টারশিল্ড ব্যবহারে বিধিনিষেধের বিষয়ে এখনো তাঁদের কাছে খুব বেশি তথ্য নেই। তবে যুক্তরাষ্ট্রের কেউ যদি এমন সিদ্ধান্ত নেন, যাতে ইউক্রেনের ভূখণ্ডকে ইউক্রেনের নয় বলে বিবেচনা করা হয়, তাহলে তা ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে ইঙ্গিত দেয়।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পদ্ধতিগত বিধিনিষেধের কারণে স্টারশিল্ড ব্যবহারের গতি কমে যাচ্ছে। এ বিষয়ে স্পেসএক্স কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কস্তিয়ানতিনিভকায় যৌথ মানবিক মিশনের প্রস্তাব পুতিনের
বৈঠকে যুক্তরাষ্ট্রের দূতদের কাছে পূর্ব ইউক্রেনের কস্তিয়ানতিনিভকা শহরে রাশিয়া ও ইউক্রেনের যৌথ মানবিক মিশন পরিচালনার প্রস্তাব দিয়েছেন পুতিন। শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। তবে ইউক্রেন অতীতেও এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, সেখানে তাদের উপস্থিতি রয়েছে।
পুতিন বলেন, গত মাসের শেষ দিকে দক্ষিণ ইউক্রেনের রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহর থেকে বাসিন্দাদের বেরিয়ে যাওয়ার সুযোগ এবং সেখানে থেকে যাওয়া মানুষদের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, প্রস্তাবিত মিশনটি সেই আদলে পরিচালনা করা যেতে পারে।
রুশ প্রেসিডেন্টের দাবি, কস্তিয়ানতিনিভকার আশপাশের এলাকা মাইনমুক্ত করতে পাঁচ দিন সময় প্রয়োজন হবে। শহরটিতে এখনো ৪০০ থেকে ৫০০ বাসিন্দা রয়েছেন। তাঁর মতে, এই মিশনের মাধ্যমে শহরটির নিয়ন্ত্রণ কার হাতে, তা বিশ্ববাসী বুঝতে পারবে।
ক্রেমলিনের সহযোগী উশাকভ বলেন, যুক্তরাষ্ট্রের দূতেরা পুতিনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখবেন তাঁরা।
তবে এ ধরনের মানবিক মিশনের জন্য যুদ্ধবিরতি হলে রাশিয়া সেটিকে নিজেদের সেনাদের পুনর্গঠনের কাজে ব্যবহার করতে পারে বলে উদ্বেগ জানিয়েছে কিয়েভ।
ভূখণ্ড নিয়ে অনড় পুতিন
চলতি বছর ইউক্রেনে বড় ধরনের ভূখণ্ডগত অগ্রগতি অর্জন করতে পারেনি রাশিয়া। তবে দেশটির বিভিন্ন অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গ্রীষ্মকালে রাশিয়ার বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছিল। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহেও কিছু অঞ্চলে সেই সমস্যা ফিরে এসেছে।
ইউক্রেনের ভূখণ্ড নিয়ে নিজেদের দাবিতে পুতিনের অবস্থানেও নমনীয়তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিজেদের অংশ বলে দাবি করেনি, এমন ইউক্রেনীয় এলাকাতেও একটি বাফার জোন বা নিরাপত্তা বলয় গঠনের দাবি রয়েছে মস্কোর।
বৃহস্পতিবার পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় সীমান্তকেই একমাত্র কার্যকর বিভাজনরেখা হিসেবে বিবেচনা করা উচিত। তাঁর এ বক্তব্যে ২০২২ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া ইউক্রেনের চারটি অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য থেকে সরে না আসার ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্র: রয়টার্স
মেয়াদ শেষের আগে কিউবার 'সরকার উৎখাত' করতে চান ট্রাম্প
ঐশ্বরিক অধিকারের দাবি করা গোষ্ঠীর সঙ্গে শান্তি সম্ভব নয়: আল-আলিমি
যে সেনার ধমক খেয়েছিলেন, তাকেই পদক দিলেন পিট হেগসেথ
ইরানভীতিকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকতে চান নেতানিয়াহু?
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে