চীনের প্রযুক্তি ও অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র শেনজেন। মাত্র চার দশকে জলাভূমি ও ছোট মাছধরা জনপদ থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর মহানগরে পরিণত হয়েছে শহরটি। বিশ্বের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান, আকাশচুম্বী ভবন, চালকবিহীন গাড়ি ও খাবার সরবরাহকারী ড্রোনের সমন্বয়ে গড়ে ওঠা এই শহরকে স্থানীয়রা বলেন ‘অলৌকিক শহর’। এবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে শেনজেনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই হবেন শহরটিতে পা রাখা প্রথম দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট।
হংকংয়ের কাছাকাছি অবস্থিত শেনজেনকে চীনের ‘সিলিকন ভ্যালি’ বলা হয়। প্রযুক্তি উদ্যোক্তা, উদ্ভাবনী প্রতিষ্ঠান ও আধুনিক অবকাঠামোর কারণে শহরটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার, খাবার পৌঁছে দেওয়া ড্রোন এবং চালকবিহীন বৈদ্যুতিক ট্যাক্সির মতো প্রযুক্তির ব্যবহার শহরটির আধুনিক রূপকে তুলে ধরে।
শেনজেনে রয়েছে নিউইয়র্কের চেয়েও বেশি আকাশচুম্বী ভবন। কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজমের তথ্য অনুযায়ী, শহরটিতে শিকাগোর তুলনায় প্রায় তিন গুণ বেশি উঁচু ভবন রয়েছে। এখানকার পিং আন ফাইন্যান্স সেন্টার বিশ্বের পঞ্চম উচ্চতম ভবন। শহরের কয়েকটি ভবনের নকশায় বাঁশের কুঁড়ি কিংবা ভাঁজ করা ধাতব পাতের আদল ফুটিয়ে তোলা হয়েছে।
রাস্তায় চলাচলকারী চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি, খাবার ও ঠান্ডা কফি পৌঁছে দেওয়া ড্রোন এবং সৌরশক্তি সংগ্রহ করে রাতে আলো ছড়ানো বিশেষ বাতি শহরটির প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার পরিচয় দেয়। এখানকার সড়কের নামও বেশ তাৎপর্যপূর্ণ—ট্যালেন্ট পার্ক, স্টার্টআপ রোড, গার্ডেন অব নলেজসহ বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছে বিজ্ঞানী ও উদ্ভাবনের সঙ্গে সম্পর্কিত বিষয় ধরে।
শহরটির বাসিন্দাদের গড় বয়স মাত্র ৩২ বছর। বিভিন্ন ক্যাফেতে তরুণদের ব্যবসা ও অর্থ উপার্জনের নতুন পথ নিয়ে আলোচনা করতে দেখা যায়। একই সঙ্গে মধ্যবয়সী অভিভাবকেরা সন্তানদের বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে পরিকল্পনা করেন।
মাছধরা জনপদ থেকে প্রযুক্তির মহানগর
আজকের ঝলমলে শেনজেনের অস্তিত্ব ছিল না প্রায় ৫০ বছর আগেও। তখন এলাকাটি ছিল কৃষিজমি ও জলাভূমিঘেরা একটি পিছিয়ে পড়া জনপদ। কাছেই ব্রিটিশ শাসিত হংকং থাকলেও শেনজেনের মানুষের জীবন ছিল অনেক বেশি সীমিত। ২০১৯ সালে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে বলা হয়, তখন কোনো কৃষকের কাছে তিনটির বেশি হাঁস থাকলেও তাঁকে ‘পুঁজিবাদী পথ অনুসরণকারী’ হিসেবে অভিযুক্ত করা হতো।
সেই সময় চীনের তৎকালীন সর্বোচ্চ নেতা দেং শিয়াওপিং দেশের অর্থনীতি উন্মুক্ত করার উদ্যোগ নেন। সাংস্কৃতিক বিপ্লবের দীর্ঘ প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা চীন বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বাজারভিত্তিক অর্থনীতির কিছু পরীক্ষা চালাতে চেয়েছিল।
গুয়াংডং প্রদেশের তৎকালীন গভর্নর এবং বর্তমান চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাবা শি ঝংশুন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তিনি দেশের দক্ষিণ উপকূলের কয়েকটি শহরকে মুক্তবাজার অর্থনীতির পরীক্ষাগার হিসেবে ব্যবহারের পরামর্শ দেন। হংকংয়ের কাছাকাছি হওয়ায় শেনজেনকে বেছে নেওয়া হয়। আশা করা হয়েছিল, হংকং থেকে আধুনিক ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা নিতে পারবে শহরটি।
এরপর সরকার দক্ষ ও মেধাবী মানুষদের শেনজেনে আসতে নানা আর্থিক সুবিধা দেয়। তাঁদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক চেন দাইয়াওয়ের দাদা-দাদি। ১৯৮৩ সালে তাঁরা শেনজেনে আসেন। তখন তাঁদের কাছে শহরটি বেশ অনুন্নত মনে হয়েছিল বলে সিএনএনকে জানান চেন।
১৯৮৭ সালে চীনের পিপলস লিবারেশন আর্মির সাবেক প্রকৌশলী রেন ঝেংফেই শেনজেনে হুয়াওয়ে প্রতিষ্ঠা করেন। গবেষকদের নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ দিয়ে নতুন আইন চালুর পর তিনি এই উদ্যোগ নেন। এর প্রায় এক দশক পর ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে একই স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করেন ওয়াং চুয়ানফু। তাঁর প্রতিষ্ঠিত কোম্পানির নাম বিওয়াইডি।
বর্তমানে হুয়াওয়ে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান। অন্যদিকে বিওয়াইডি গত বছর বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে ইলন মাস্কের টেসলাকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে উঠে আসে।
২০১৯ সালে সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং চুয়ানফু বলেছিলেন, সে সময় উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির জন্য চীনের সবচেয়ে ভালো পরিবেশগুলোর একটি ছিল শেনজেন।
এবারের এপেক সম্মেলনেও শহরটির প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরা হবে। সম্মেলনে ব্যবহারের জন্য বিওয়াইডির উন্নত মডেলের গাড়ি নির্ধারণ করা হয়েছে। এসব গাড়ির প্রযুক্তিতে হুয়াওয়ের অবদানও রয়েছে। এ ছাড়া শেনজেনে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান টেনসেন্ট এবং বিশ্বের বৃহত্তম ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআইয়ের মতো বড় কোম্পানি।
চেন দাইয়াও জানান, ছোটবেলা থেকেই তিনি নিজের শহরের দ্রুত পরিবর্তন দেখেছেন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ই শেনজেনে নগরায়ণের গতি ছিল চোখে পড়ার মতো।
১৯৯০ সালে চীনের প্রথম ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ চালু হয় শেনজেনে। যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় খাবারের দোকানের সোনালি প্রতীক তখন চীনের অর্থনীতি উন্মুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছিল।
এপেক সম্মেলনের আয়োজক শহর হিসেবে শেনজেনকে দেওয়া আমন্ত্রণেও এর পরিবর্তনের প্রশংসা করা হয়েছে। একসময় পিছিয়ে থাকা ছোট মাছধরা গ্রাম থেকে আধুনিক আন্তর্জাতিক মহানগরে রূপান্তরের এই যাত্রাকে ‘অলৌকিক’ বলে উল্লেখ করা হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, একদলীয় শাসনব্যবস্থায় কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নের কারণে শেনজেনের মতো দ্রুত ও বড় পরিসরের উন্নয়ন তুলনামূলক সহজ হয়েছে।
বিদেশি পর্যটকদের কাছেও বাড়ছে জনপ্রিয়তা
এপেক সম্মেলনের আয়োজক হওয়ার আগেই বিদেশি পর্যটকদের কাছে চীনের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে শেনজেন। বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় শহরটির অবস্থান সাংহাইয়ের পর দ্বিতীয়।
শহর সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২০ লাখের বেশি বিদেশি পর্যটক শেনজেনে রাত কাটিয়েছেন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৭০ শতাংশ বেশি। ২০২৬ সালে শহরটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ৬৬ লাখ ছাড়িয়েছে। তাঁদের বড় অংশই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে এসেছেন।
এর বাইরে ২০২৫ সালে প্রতিবেশী আধা-স্বায়ত্তশাসিত চীনা অঞ্চল হংকং ও ম্যাকাও থেকে ১ কোটির বেশি মানুষ শেনজেন ভ্রমণ করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ২৫ শতাংশ বেশি। হংকং থেকে দ্রুতগতির ট্রেনে মাত্র ১৪ মিনিটে শেনজেনে পৌঁছানো যায়। তুলনামূলক কম খরচের কারণে ছুটির দিনে হংকংয়ের বাসিন্দাদের কাছেও শহরটি জনপ্রিয় হয়ে উঠেছে।
পশ্চিমা পর্যটকদের কাছে শেনজেনের সবচেয়ে আকর্ষণীয় দিক এর প্রযুক্তিনির্ভর পরিবেশ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার বাসিন্দা মেগান জ্যারেট ২০২৩ সাল থেকে তিন বছর শহরটিতে ছিলেন। সিএনএনকে তিনি বলেন, শেনজেন আধুনিক ও প্রযুক্তিনির্ভর হওয়ার পাশাপাশি বসবাসের জন্য বন্ধুত্বপূর্ণ শহর।
লন্ডনভিত্তিক ভিডিও প্রযোজক উইল ম্যাককাসকিল গত মে মাসে শেনজেন ঘুরে দেখেন। তাঁর ভাষায়, শহরটিতে প্রায় সবকিছুতেই প্রযুক্তির ব্যবহার চোখে পড়ে। তবে এত বড় ও আধুনিক শহর হওয়া সত্ত্বেও শেনজেনের রাস্তাঘাট তাঁর কাছে বেশ শান্ত ও স্থানীয় পরিবেশের মনে হয়েছে। শহরটি পরিচ্ছন্ন, পরিকল্পিত এবং চলাচলের জন্য সহজ বলেও মন্তব্য করেন তিনি।
চেন দাইয়াও বলেন, শেনজেনের বাসিন্দা হওয়ায় তিনি গর্বিত। শহরটি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারিত হচ্ছে, দ্রুতগতির রেলব্যবস্থারও উন্নয়ন চলছে। তাঁর মতে, শেনজেনে সব সময়ই মনে হয়, উন্নয়ন ও পরিবর্তন অব্যাহত রয়েছে।
কীভাবে যাবেন শেনজেনে
গত কয়েক বছরে চীন ভ্রমণের নিয়মকানুন সহজ করেছে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা ভিসা ছাড়াই চীনে প্রবেশের সুযোগ পান। যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্যও সীমিত পরিসরে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ রয়েছে। তাঁরা শেনজেন দিয়ে চীনে প্রবেশ করে গুয়াংডং প্রদেশের মধ্যে সর্বোচ্চ ১০ দিন অবস্থান করতে পারেন। তবে এ সময়ের মধ্যে মূল ভূখণ্ড চীনের বাইরে অন্য কোনো গন্তব্যে যেতে হবে। হংকং ও ম্যাকাওও এ ক্ষেত্রে গন্তব্য হতে পারে।
প্রতিবেশী হংকং থেকেও শেনজেনে যাওয়া সহজ। দুই শহরের মধ্যে ছয়টি সীমান্ত পারাপারের ব্যবস্থা রয়েছে। হংকংয়ের অ্যাডমিরালটি স্টেশন থেকে ইস্ট রেল লাইনে লো উ বা লোক মা চাউ সীমান্ত পর্যন্ত যাওয়া যায়। এ ছাড়া বাস, দ্রুতগতির ট্রেন ও ফেরিতেও যাতায়াতের সুযোগ রয়েছে।
শেনজেনের বাওআন বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কুয়ালালামপুর, মেলবোর্ন ও ইন্দোনেশিয়ার সুরাবায়ার মতো শহরে সরাসরি ফ্লাইট রয়েছে।
শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের শেকৌ এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। সেখানে বিভিন্ন দেশের খাবারের রেস্তোরাঁ ও বার রয়েছে। প্রযুক্তিপণ্য কেনাকাটার জন্য হুয়াচিয়াংবেই ইলেকট্রনিকস মার্কেটও পর্যটকদের কাছে আকর্ষণীয়। বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিকস বাজার হিসেবে পরিচিত এই এলাকায় এক লাখের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বাজারটির ঘনবসতিপূর্ণ ভবনগুলোতে নানা ধরনের প্রযুক্তিপণ্য তুলনামূলক কম দামে পাওয়া যায়।
তবে শেনজেন এখন শুধু কম দামের খাবার ও ইলেকট্রনিকস পণ্যের বাজার হিসেবে পরিচিত থাকতে চায় না। শহরটিতে নতুন নতুন জাদুঘর গড়ে উঠছে। সুইডেনের স্টকহোমে প্রতিষ্ঠিত জাদুঘর ফটোগ্রাফিস্কা গত অক্টোবর শেনজেনে শাখা চালু করেছে।
এ ছাড়া গত মে মাসে উদ্বোধন করা হয়েছে শেনজেন ইন্টারন্যাশনাল মিউজিয়াম অব আর্ট। সেখানে রেনেসাঁ যুগের চিত্রশিল্পী তিতিয়ান ও তিন্তোরেত্তোর শিল্পকর্ম, চীনের রাশিচক্রের সাতটি ব্রোঞ্জের প্রাণীমূর্তি, বিখ্যাত চীনা ক্যালিগ্রাফি এবং ছি বাইশি ও ঝাং দাচিয়ানের মতো শিল্পীদের কাজ প্রদর্শিত হচ্ছে।
প্রযুক্তি, ব্যবসা, আধুনিক অবকাঠামো ও সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে শেনজেন এখন চীনের পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ। একসময় যে জনপদ ছিল কৃষি ও মাছ ধরার ওপর নির্ভরশীল, কয়েক দশকের ব্যবধানে সেটিই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম আলোচিত প্রযুক্তিনগরীতে।
সূত্র: সিএনএন
বাব আল-মান্দেব থেকে পিছু হটলো ইয়েমেনি বাহিনী, নিয়ন্ত্রণে হুথিরা
থাইল্যান্ডে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ১১
নির্বাচনে আরবদের গ্রেপ্তারে নেতানিয়াহুর কার্যালয়ের ভূমিকা নিয়ে তদন্ত
জমির বিডিএস জরিপ কী, কেন হচ্ছে—মালিকদের যা জানা জরুরি
পুতিনকে আয়াতুল্লাহ মোজতবা খামেনির ‘বিশেষ’ বার্তা
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে ইংল্যান্ডের দুর্দান্ত জয়