১৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৩ হাজার কোটি টাকা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরে এর পরিমাণ ২২ হাজার ৯২৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৪ শতাংশ। এই সময়ে গত বছরের তুলনায় ৩৪ কোটি ১০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে, যা টাকার অঙ্কে প্রায় ৪ হাজার ১৯৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ নভেম্বর একদিনেই দেশে ১৭ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রতিদিন গড়ে ১২ কোটি ৪৩ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছিল প্রায় ১০ কোটি ১৫ লাখ ডলার। অর্থাৎ দৈনিক রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬ কোটি ৪০ লাখ ডলারে। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৪ কোটি ১০ লাখ ডলার বা ২২ দশমিক ৪ শতাংশ। বর্তমান বিনিময় হার বিবেচনায় এই অতিরিক্ত রেমিট্যান্সের পরিমাণ প্রায় ৪ হাজার ১৯৪ কোটি টাকা।

শুধু নভেম্বর মাসেই নয়, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৩২ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৬৩ হাজার ৯৪৭ কোটি টাকা।

অন্যদিকে, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৬৭ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম সাড়ে চার মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬৫ কোটি ৭০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। টাকার অঙ্কে এই অতিরিক্ত অর্থের পরিমাণ প্রায় ২০ হাজার ৩৮১ কোটি টাকা। বছরওয়ারি হিসাবে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের প্রবাহ বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হয়। এতে আমদানি দায় মেটানো, বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সহায়তা করে। পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থ দেশের গ্রামীণ অর্থনীতি, পরিবারগুলোর ভোগব্যয়, সঞ্চয় ও বিনিয়োগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা ধরে রাখতে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ আরও সহজ করা এবং হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রবাসীদের পাঠানো অর্থ আনুষ্ঠানিক চ্যানেলে দেশে এলে তা সরাসরি বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত