ইসরায়েলি পার্লামেন্টে আজান দেওয়া সেই আহমেদ তিবি এখন ডেপুটি স্পিকার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ এএম

ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটের নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ ফিলিস্তিনি রাজনীতিক আহমেদ তিবি। ২০১৬ সালে পার্লামেন্ট অধিবেশনে আজান দিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। আরব মুভমেন্ট ফর রিনিউয়াল (তা’আল) পার্টির এই চেয়ারম্যানের এমন অর্জনকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের অধিকার আদায়ে দীর্ঘকাল ধরে আপসহীন ভূমিকা রেখে চলেছেন আহমেদ তিবি। নির্বাচিত হওয়ার পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের অনুভূতি ব্যক্ত করেন। কট্টর-ডানপন্থী দলগুলোর বিরুদ্ধে এটিকে একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

তিবি জানান, আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ ১১টি আসন নিশ্চিত করায় এই ন্যায্য অর্জন সম্ভব হয়েছে। তিনি সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ এবং কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের সমালোচনা করেন। তাদের সব ধরনের উসকানি ও বাধা উপেক্ষা করেই এই বিজয় অর্জিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

চিকিৎসা পেশা ছেড়ে ইয়াসির আরাফাতের উপদেষ্টা

১৯৪৮ সালের নাকবায় জাফা থেকে বাস্তুচ্যুত হওয়া এক ফিলিস্তিনি পরিবারে ১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর তাইবে শহরে জন্মগ্রহণ করেন আহমেদ তিবি। ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে সর্বোচ্চ সম্মাননাসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তবে রাজনীতির প্রতি তীব্র টান একসময় তার চিকিৎসক পরিচয়কে ছাপিয়ে যায়।

১৯৮৪ সালে প্রচলিত ইসরায়েলি আইন অমান্য করে তিউনিসিয়ায় পিএলও নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করেন তিবি। সে সময় ইসরায়েল পিএলও-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে রেখেছিল। দেশে ফেরার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।

পরবর্তীতে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্র ছিলেন তিবি। তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তখনো ইসরাইলের ক্ষমতায় ছিলেন।

নেসেটে প্রবেশ ও আপসহীন রাজনৈতিক আদর্শ

১৯৯৬ সালে নিজস্ব রাজনৈতিক দল ‘তা’আল’ প্রতিষ্ঠা করেন আহমেদ তিবি এবং ১৯৯৯ সালে প্রথমবারের মতো নেসেট সদস্য নির্বাচিত হন। নিজেকে ‘ইসরাইলি নাগরিকত্বধারী একজন আরব ফিলিস্তিনি’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই নেতা। তিনি শুরু থেকেই দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফেরার অধিকারের পক্ষে সোচ্চার।

ইসরায়েলকে কেবল একটি ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করার ঘোর বিরোধী আহমেদ তিবি। বরং তিনি বর্তমান ইসরাইলি ব্যবস্থাকে একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’ বা অ্যাপার্টহাইড স্টেট হিসেবে অভিহিত করে থাকেন। জাতি-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

রাজপথ থেকে পার্লামেন্ট: আলোচিত যত প্রতিবাদ

স্পষ্টভাষী ও সাহসী অবস্থানের কারণে বারবার কট্টরপন্থী কর্মী ও ইসরায়েলি বাহিনীর রোষানলে পড়েছেন আহমেদ তিবি। ২০০০ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ইন্তিফাদার সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এরিয়েল শ্যারনের উসকানিমূলক অভিযানে বাধা দিতে গিয়ে তিবির ডান হাত ভেঙে যায়।

২০০২ সালে ইসরায়েলি সামরিক অভিযান চলাকালে জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করে সৈন্যদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এই ঘটনার জেরে ইসরায়েল সরকার তার পার্লামেন্টারি দায়মুক্তি বা ইমিউনিটি বাতিল করে দেয়।

তবে বিশ্বজুড়ে তিনি সবচেয়ে বেশি আলোচিত হন ২০১৬ সালে নেসেট কক্ষের ভেতরে আজান দিয়ে। সে সময় জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মসজিদের মাইকে আজান নিষিদ্ধ করার একটি বিলের প্রতিবাদে তিনি ওই অভিনব পদক্ষেপ নিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত