মারা গেলেন ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোরাসানি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাঁর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়। তবে তাঁর মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, তাঁর জানাজা, দাফন এবং শোক পালনের আনুষ্ঠানিক কর্মসূচি পরে জানানো হবে।

১৯২১ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। শিয়া ধর্মীয় শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কোমের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন খ্যাতনামা আলেমের কাছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ইরাকের নাজাফে প্রয়াত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসেম আল-খুই অন্যতম।

পরে ইরানে ফিরে তিনি উচ্চতর ইসলামি আইনশাস্ত্র ও এর মূলনীতি বিষয়ে পাঠদান শুরু করেন। তাঁর কাছে হাজারো শিক্ষার্থী এসব বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। বিশ্বজুড়ে, বিশেষ করে ফারসিভাষী শিয়া সম্প্রদায়ের মধ্যে তাঁর বিপুলসংখ্যক অনুসারী ছিলেন।

তাঁর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধর্মীয় শিক্ষা বিস্তার, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আহলে বাইতের মর্যাদা রক্ষা এবং ধর্মীয় শোকানুষ্ঠান আয়োজনের কাজে তিনি সারা জীবন নিয়োজিত ছিলেন। বিশেষ করে মহানবী (সা.)-এর কন্যা হজরত ফাতিমা জাহরার স্মরণে আয়োজিত শোকানুষ্ঠানে তাঁর বিশেষ ভূমিকা ছিল।

এ ছাড়া এতিমদের দেখভালসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দান ও সম্পদ উৎসর্গের জন্যও তিনি পরিচিত ছিলেন।

শিয়া ইসলামের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্বসম্পন্ন আলেমদের একজন হিসেবে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ধর্মীয় বিধান ও ফতোয়া অনুসারীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করত। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনার জন্যও তাঁর অনুসারীরা তাঁর ওপর নির্ভর করতেন।

সূত্র: প্রেস টিভি

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত