মাছ ব্যবসার আড়ালে ভারত থেকে ফেনসিডিল পাচার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় মাছের ব্যবসার আড়ালে বাংলাদেশে ফেনসিডিল পাচারের একটি বড় চক্রের সন্ধান পাওয়া গেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং হাসনাবাদ থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। সেগুলোর আনুমানিক বাজার মূল্য এক কোটি রুপির বেশি । যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৭৬১ টাকার বেশি।

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা হাসনাবাদ থানার মুরারীশাহ বকুলতলায় এই অভিযান চালানো হয়। তবে পাচারকাণ্ডে মূল অভিযুক্তের খোঁজ এখনো মেলেনি। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দা মোমেন মোল্লা দীর্ঘদিন ধরেই মাছ এবং মাছের পোনা সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযোগ, সেই ব্যবসার আড়ালেই পোনা সরবরাহের কাজে ব্যবহৃত থার্মোকলের বাক্সে লুকিয়ে নিষিদ্ধ ফেনসিডিল বাংলাদেশে পাচার করা হতো।

বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে, ওই এলাকায় মাছের ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ ফেনসিডিল মজুত রাখা হয়েছে। সঙ্গে বিএসএফের কর্মকর্তারা স্থানীয় হাসনাবাদ থানার পুলিশকে জানান। এরপরই পুলিশ এবং বিএসএফের যৌথ দল মুরারীশাহ বকুলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় মোমেন মোল্লার একটি গোডাউনে তল্লাশি চালিয়ে থার্মোকলের বাক্সের ভেতর থেকে বিপুল পরিমাণের নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার হয়। 

বাইরে থেকে বাক্সগুলো দেখলে মনে হবে, তাতে মাছের পোনা রাখা রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ফেনসিডিল পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মূল অভিযুক্ত মোমেন মোল্লার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত