চীনের প্রযুক্তিনগরী শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে তার এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিন দেশের শীর্ষ নেতার এমন এক মঞ্চে উপস্থিতিকে ঘিরে শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে পৌঁছান ট্রাম্প। দায়িত্ব পালনরত অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম শেনজেন সফর। চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রযাত্রার অন্যতম প্রতীক হিসেবে পরিচিত এই শহর বিশ্বজুড়ে ‘চীনের সিলিকন ভ্যালি’ নামেও পরিচিত।
বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার সৌজন্য বিনিময়ের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা। ট্রাম্পকে একনজর দেখতে শহরের বিভিন্ন এলাকায় জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তার গাড়িবহর চলাচলের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান অনেকে।
নিরাপত্তার কারণে ট্রাম্পের সম্ভাব্য আবাসস্থল হিসেবে চিহ্নিত একটি হোটেলকে ঘিরেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হোটেলের বাইরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে।
সফর নিয়ে আশাবাদও প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। হোটেলের কাছাকাছি অপেক্ষায় থাকা এক তরুণ বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের এই সফর ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বর্তমানে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের আবাস শেনজেন। তবে শহরটির বর্তমান অবস্থান সব সময় এমন ছিল না। কয়েক দশক আগেও এখানে ছিল বিস্তীর্ণ ম্যানগ্রোভ জলাভূমি। সময়ের সঙ্গে পরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের ফলে এলাকাটি রূপ নিয়েছে চীনের অন্যতম সমৃদ্ধ নগরীতে।
১৯৮০-এর দশকে চীনের তৎকালীন নেতা দেং শিয়াওপিং অর্থনৈতিক সংস্কারের পরীক্ষাগার হিসেবে শেনজেনকে বেছে নেন। হংকংয়ের কাছাকাছি অবস্থান কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসা আকর্ষণ করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সেই পরিকল্পনাই পরবর্তী সময়ে শহরটির আমূল পরিবর্তনের ভিত্তি তৈরি করে।
আজ শেনজেন প্রযুক্তি উদ্ভাবন, ইলেকট্রনিকস উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যের অন্যতম আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে রয়েছে বিশ্বের পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয়, আধুনিক ড্রোন প্রযুক্তি এবং উন্নত কম্পিউটিং অবকাঠামো।
শহরটির আকাশচুম্বী ভবনের সংখ্যাও এর দ্রুত নগরায়ণের প্রমাণ। কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজমের তথ্য অনুযায়ী, উঁচু ভবনের সংখ্যায় শেনজেন নিউইয়র্ককেও ছাড়িয়ে গেছে। শিকাগোর তুলনায় শহরটিতে এমন ভবনের সংখ্যা প্রায় তিন গুণ।
শেনজেনের এই প্রযুক্তিগত সক্ষমতা এবারের সফরের রাজনৈতিক গুরুত্বও বাড়িয়েছে। উন্নত চিপ, গুরুত্বপূর্ণ কাঁচামাল এবং বৈশ্বিক প্রযুক্তি বাজারে আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের প্রতিযোগিতা চলছে। ফলে প্রযুক্তির এই নগরীতে ট্রাম্পের উপস্থিতি কেবল কূটনৈতিক সৌজন্য সফর নয়, বরং দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্কের দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুদের টার্গেট করছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশনার
যেভাবে তৈরি হয় একটি কোরআন, প্রতিদিন ছাপা হয় ১৫ হাজার কপি