ইরান যুদ্ধের ধাক্কায় ‘চূর্ণ’ হয়ে গেলো হরমুজ প্রণালির ওপর আস্থা: আইইএ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি রপ্তানির নির্ভরযোগ্য নৌপথ হিসেবে হরমুজ প্রণালির ওপর আন্তর্জাতিক আস্থা ‘চূর্ণ’ হয়ে গেছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল।

বুধবার সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালির যে পরিস্থিতি ছিল, সেখানে ফিরে যাওয়ার কোনো বিশ্বাসযোগ্য পথ তিনি দেখছেন না।

ফাতিহ বিরল বলেন, “হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল একবার বন্ধ হয়ে গেছে, যার ফলে তেল ও গ্যাসের বাজারে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আবারও এমনটা ঘটতে পারে। জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের নিরাপদ ও নির্ভরযোগ্য পথ হিসেবে এই প্রণালির ওপর আস্থা চূর্ণ হয়ে গেছে।”

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’ প্রতিবেদনে আইইএ জানিয়েছে, হরমুজ প্রণালির বিকল্প হিসেবে আশপাশে পাইপলাইন নির্মাণে প্রায় ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার ব্যয় হতে পারে। এতে মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি করা প্রতি ব্যারেল তেলের খরচ প্রায় ২ ডলার বাড়বে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প জ্বালানি উৎস গড়ে তুলতে আরও ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।

আইইএ জানিয়েছে, শুধু অপরিশোধিত তেলের ক্ষেত্রেই মধ্যপ্রাচ্যে নতুন কিছু পাইপলাইন প্রকল্প নির্মাণাধীন রয়েছে বা বিবেচনাধীন আছে। এসব প্রকল্পের মাধ্যমে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল হরমুজ প্রণালি ব্যবহার না করেই আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হতে পারে।

সংস্থাটি বলেছে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে, উপসাগরীয় অঞ্চলের বাইরের উৎপাদক দেশগুলো তেল উৎপাদন বাড়ালে এবং আমদানিকারক দেশগুলো চাহিদা কমালে ২০৩৫ সালের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের প্রয়োজন দৈনিক ২০ লাখ ব্যারেলে নামিয়ে আনা সম্ভব হতে পারে। আইইএর ‘লো হরমুজ কেস’ বা বিকল্প পরিস্থিতির পূর্বাভাসে এ চিত্র তুলে ধরা হয়েছে।

হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে জ্বালানি পরিবহনের চেষ্টা জোরদার করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

সৌদি আরব লোহিত সাগরের বন্দর ইয়ানবু পর্যন্ত বিস্তৃত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের সক্ষমতা বাড়াতে চায়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও গুরুত্বপূর্ণ এই নৌপথ এড়িয়ে পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের পরিকল্পনায় জোর দিচ্ছে।

ইরাক ও সিরিয়ার মধ্যে পাইপলাইন সংযোগ পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েও কাজ চলছে। এদিকে চলতি সপ্তাহে হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে ইরাক থেকে তুরস্কের কিরকুক-জেইহান পাইপলাইনে অপরিশোধিত তেল সরবরাহ আবার শুরু হয়েছে।

তবে হরমুজ প্রণালির বিকল্প হিসেবে নির্মিত পাইপলাইনগুলোও হামলার ঝুঁকিমুক্ত নয় বলে সতর্ক করেছে আইইএ। উদাহরণ হিসেবে সংস্থাটি সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কথা উল্লেখ করেছে। অতীতে ইয়েমেনের হুতি বাহিনী ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এই পাইপলাইন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইইএর ভাষ্য, “মধ্যপ্রাচ্য অস্থিতিশীল থাকলে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির বিকল্প পথগুলোও হামলার ঝুঁকিতে থাকবে। সময়ের সঙ্গে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানো সম্ভব হলেও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর নির্ভরতা একইভাবে কমানো সম্ভব নয়।”

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত