বিশ্বে ১০টি পারমাণবিক অস্ত্রই যথেষ্ট: শি ও পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর বর্তমান অস্ত্রভান্ডারের তুলনায় অনেক কম পারমাণবিক অস্ত্রই যথেষ্ট বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, দেশগুলোর হাতে মাত্র ১০টি করে পারমাণবিক অস্ত্র থাকলেই চলে। তবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে পারমাণবিক অস্ত্র কমাতে রাজি করানো কঠিন হবে বলেও স্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, এখন মাত্র ১০টি অস্ত্রই যথেষ্ট। আমরা যে ধরনের শক্তির কথা বলছি, সেটি এমনই।’

চীনের শেনজেনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হাতে ৪ হাজার, রাশিয়ার কাছে ৩ হাজার ৮০০ এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

চীনের পারমাণবিক অস্ত্রের ভান্ডার দ্রুত বাড়ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি ‘ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে’ এবং আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ে পৌঁছানোর পথে রয়েছে।

তিনি বলেন, ‘আমি চাই তারা এটি না করুক।’ তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো ওয়াশিংটন ও তার প্রতিদ্বন্দ্বীদের জন্যই ‘কঠিন কাজ’ হবে বলে স্বীকার করেন তিনি।

এর আগে চলতি সপ্তাহে পারমাণবিক অস্ত্রধর দেশগুলোকে নিজেদের অস্ত্রভান্ডার ছাড়তে রাজি করানোর চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ ‘কঠিন বিষয়’, কারণ কোনো দেশের পক্ষেই নিজেদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামের পার্শ্ববৈঠক হিসেবে বৃহস্পতিবারের এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এতে পারমাণবিক নিরস্ত্রীকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত