যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

বাগেরহাটের মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দিগরাজ নৌ ঘাঁটিতে যুদ্ধজাহাজ দেখতে সাধারণ মানুষ ভিড় করেন।

প্রতিবছরের মতো এবারও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সারাদেশে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। শিশু, নারী, পুরুষসহ নানা বয়সি মানুষের উপস্থিতিতে মোংলায় নৌবাহিনীর জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন।

জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বানৌজা বিজয় জাহাজের সক্ষমতা, ব্যবহৃত প্রযুক্তি, নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ পরিচালনা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত জানান। আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ দেখার সুযোগ থাকে না। তাই সন্তানদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেম জাগ্রত করতে তারা এখানে নিয়ে এসেছেন। জাহাজটি ঘুরে দেখে দর্শনার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর অবদান কাছ থেকে জানতে পারা সত্যিই গর্বের বিষয়।

বানৌজা বিজয় জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ বলেন, দেশের নাগরিকদের নৌবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে এবং জনগণের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই নৌবাহিনীর জাহাজের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

এছাড়াও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ অঞ্চলসহ সারাদেশে নানা আনুষ্ঠানিকতা ও কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন নৌঘাঁটি, জাহাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্মৃতিস্তম্ভে দোয়া, গার্ড অব অনার, সম্মাননা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত