বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার নামকরণে সরকারপ্রধান ও তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের প্রচলন দীর্ঘদিনের। এবার এ ধরনের নামকরণে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে সরকারের অনুমোদন নিতে হবে।
এ বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় সরকারের অনুমতি ছাড়া এ ধরনের নামকরণ না করার অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা কিংবা অধিভুক্ত ক্লাব কোনো প্রতিযোগিতা বা টুর্নামেন্টের নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমোদন নিতে হবে। শুধু প্রতিযোগিতার নামকরণ নয়, এ সংক্রান্ত প্রচার-প্রচারণার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে।
ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বোর্ড, সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাকে এ নির্দেশনার বিষয়টি জানানো হয়েছে।
ইরানে সর্বাত্মক যুদ্ধ আবার শুরু হওয়া ‘অনিবার্য’: বিশ্লেষক