রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে রাষ্ট্র হিসেবে দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ঐতিহাসিক এই রায়ের পর এবার মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশটিতে সামরিক বাহিনীর ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে লন্ডন।
সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এসব পদক্ষেপের কথা জানান। নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সম্পদ জব্দ, যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা এবং ব্রিটিশ কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণার ব্যবস্থা করা হয়েছে।
ব্রিটিশ সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী, নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মিও হুতুত হ্লাইং এবং মেজর জেনারেল মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ। তাঁদের বিরুদ্ধে মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর দমন-পীড়ন এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
ব্রিটিশ সরকারের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা মিয়ানমারে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের ওপর নিপীড়নের জবাবদিহি নিশ্চিত করার বৃহত্তর উদ্যোগের অংশ।
গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। ৯-৬ ভোটে দেওয়া ওই রায়ে আদালত জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। এটি আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার ঘটনা।
আইসিজের পর্যবেক্ষণে উঠে এসেছে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং গ্রাম ধ্বংসের ঘটনা ঘটে। আদালতের বিবেচনায় এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন।
আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের বিচারের আওতায় আনার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হওয়ার জন্যও দায়ী করেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। ওই সময় সংঘটিত নৃশংসতার জন্য তাঁর নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।
মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারে এখনো বেসামরিক জনগণের ওপর বিমান হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব বন্ধ করতে হবে এবং দায়ীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।
মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্য আরও কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
দেশটিতে সামরিক অভিযানে ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে আইন প্রণয়ন করা হবে।
রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড দেওয়া হবে।
মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিতে আরও ৩০ লাখ পাউন্ড বরাদ্দ করা হবে।
আইসিজের রায় বাস্তবায়নের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি আলোচনা এবং পরবর্তী দুই সপ্তাহের মধ্যে বিশেষ বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।
যুক্তরাজ্য এরই মধ্যে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্তও কার্যকর করেছে।
অন্যদিকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, আদালতের সিদ্ধান্তে প্রমাণের মানদণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আদালতের রায় চূড়ান্ত ও আপিলের অযোগ্য।
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আইসিজের নির্দেশনা বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা।
সূত্র: রয়টার্স।
তাইওয়ানের নির্বাচন ঘিরে চীনের কঠোর অবস্থান
১৭ বছরেই যুক্তরাষ্ট্রের ফুটবলে কীর্তি গড়লেন বাংলাদেশি কাভান
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ
১৯ ছক্কায় গেইলকে ছাড়িয়ে প্রিয়াংশের রেকর্ড