দীর্ঘ আইনি টানাপোড়েনের পর ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্স বা আফকনের শিরোপা নিজেদের দখলে রাখল সেনেগাল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বা সিএএসের রায়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের বা ক্যাফের আগের সিদ্ধান্ত বাতিল হয়েছে। এর ফলে ফাইনালে মরক্কোর বিপক্ষে পাওয়া সেনেগালের ১-০ গোলের জয়টিই চূড়ান্তভাবে বহাল থাকছে।
সিএএস তাদের রায়ে জানিয়েছে যে সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিলটি গৃহীত হয়েছে। সেই সঙ্গে ক্যাফের আপিল বোর্ডের রায় খারিজ করে ডিসিপ্লিনারি বোর্ডের পূর্ববর্তী সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। ফলে মাঠের ফলাফলের ভিত্তিতে সেনেগালকেই আনুষ্ঠানিক আফকন চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।
গত জানুয়ারিতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়েছিল সেনেগাল। ম্যাচের অতিরিক্ত সময়ে পাপে গেয়ের করা লক্ষ্যভেদী গোলে শিরোপার স্বাদ পেয়েছিল দলটি।
তবে নির্ধারিত সময়ের শেষভাগে রেফারির একটি সিদ্ধান্ত ঘিরে মাঠে চরম উত্তেজনা দেখা দেয়। সেনেগালের একটি গোল বাতিল করে মরক্কোকে পেনাল্টি দিলে প্রতিবাদে মাঠ ছাড়েন সেনেগালের ফুটবলাররা। প্রায় ১৭ মিনিট খেলা বন্ধ থাকার পর তারা মাঠে ফেরেন এবং গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি ব্রাহিম দিয়াজের পেনাল্টি রুখে দেন। এরপর অতিরিক্ত সময়ে জয় ছিনিয়ে নেয় সেনেগাল।
ফাইনালের দুই মাস পর সেনেগালের মাঠ ছাড়ার ঘটনা নিয়ে নতুন অবস্থান নেয় ক্যাফ। মরক্কোর অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনেগালকে ওয়াকওভারজনিত হারের দায়ে দোষী সাব্যস্ত করে সংস্থাটি। তখন ম্যাচের ফলাফল মরক্কোর পক্ষে ৩-০ ঘোষণা করা হয়েছিল।
ক্যাফের সেই রায়ের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন। দীর্ঘ আইনি লড়াই শেষে এবার সেনেগালের পক্ষেই চূড়ান্ত রায় দিয়েছে ক্রীড়ার সর্বোচ্চ সালিশি আদালত। এর মধ্য দিয়ে মাঠের পারফরম্যান্সে জেতা আফকন ট্রফি ফিরে পেল ‘লায়ন্স অব তেরাঙ্গা’।
আইপিএল নিলামে নেই মোস্তাফিজ ও নাহিদ রানা