ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজে ১৯ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে। হেলিয়া ফাত্তাহি নামের ওই তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এক তরুণের সঙ্গে সম্পর্কের জেরে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গত সপ্তাহে পরিবারকে জানান। এরপর ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা-মা জোর করে প্রায় ৩০টি খিঁচুনির ওষুধ খাওয়ান এবং মারধরের পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার কথা স্বীকার করেছেন।
মানবাধিকার সংগঠন হেঙ্গাওর বরাতে জানা গেছে, ঘটনার দিন প্রথমে বাবা-মা হেলিয়ার বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতে যান। ২১ নভেম্বর শনিবার আদালত থেকে ফিরে তাঁরা মেয়েকে জোর করে ওষুধ খাওয়ান। এতে তাঁর মৃত্যু না হওয়ায় পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ।
হেঙ্গাও ও হানা নামের দুটি মানবাধিকার সংগঠন ঘটনাটিকে তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে হত্যাকাণ্ড বা অনার কিলিং হিসেবে বর্ণনা করেছে।
হেঙ্গাও এক বিবৃতিতে বলেছে, নারী ও শিশুদের পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষায় কার্যকর আইন প্রণয়নে ইরানি কর্তৃপক্ষের ব্যর্থতা, আইনের নানা ফাঁকফোকর এবং তথাকথিত অনার কিলিংয়ের ঘটনায় তুলনামূলক নমনীয় শাস্তি নারীদের ঝুঁকির মধ্যে রাখছে। সংগঠনটির মতে, এসব কারণে কাঠামোগত সহিংসতা বাড়ছে এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি শক্তিশালী হচ্ছে।
এক সপ্তাহে তিন তরুণীর মৃত্যু
ইরানে নারীদের ওপর সহিংসতা ও নির্যাতনের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দেশটিতে তিন তরুণীর মৃত্যুর খবর সামনে এসেছে।
গত ১৮ নভেম্বর গিলান প্রদেশে জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিন। বিয়েতে রাজি না হওয়ায় তাঁর সাবেক প্রেমিক তাঁকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে কেরমানশাহ প্রদেশে একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদির মৃত্যু হয়। দেশটির শিক্ষক ইউনিয়নের একটি জাতীয় নেটওয়ার্কের দাবি, বাবার সঙ্গে বাড়ি পাঠানো হলে তিনি তাঁকে হত্যা করবেন—এমন আশঙ্কার কথা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ওই ছাত্রী।
গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত
এদিকে চলতি সপ্তাহের শুরুতে ইরানের একজন পরিচিত গায়িকা ও তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাতের খবরও সামনে এসেছে। ইউটিউবে লাখোবার দেখা একটি পরিবেশনার ঘটনায় তাঁদের এই শাস্তি দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২৯ বছর বয়সী পারাস্তো আহমাদিকে গত জুনে এ শাস্তি দেওয়া হয়। একই ঘটনায় চারজন সংগীতশিল্পী ও তাঁর দলের চার সদস্যকেও শাস্তি দেওয়া হয়। ২০২৪ সালের ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত ওই পরিবেশনায় মঞ্চে একাই গান গাইতে দেখা যায় আহমাদিকে। মঞ্চটি ছিল মৃদু আলোয় সাজানো, আর সেখানে ছিল একটি বড় পারস্য গালিচা।
নারীর প্রতি সহিংসতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ নিয়ে ইরানে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। সাম্প্রতিক এসব ঘটনা দেশটিতে নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আইনগত সুরক্ষার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা
২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর