অফিসের কম্পিউটার, সাইবার ক্যাফে কিংবা অন্য কারও ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কাজ শেষে শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত হয় না। কারণ ট্যাব বন্ধ হলেও লগইন সেশন চালু থাকতে পারে। ফলে একই ডিভাইসের পরবর্তী ব্যবহারকারী ওই অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারেন। এ কারণে বিশেষজ্ঞরা হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর প্রতিবার অ্যাকাউন্ট থেকে ম্যানুয়ালি লগ আউট করার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে অন্যের বা একাধিক ব্যক্তির ব্যবহৃত কম্পিউটারে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
কোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েবের সেশন চালু থাকলে পরবর্তী ব্যবহারকারী ওই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। এতে ব্যক্তিগত কথোপকথন ও গুরুত্বপূর্ণ তথ্য অননুমোদিত ব্যক্তির হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে। এ সুযোগ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা বিভিন্নভাবে ক্ষতি করতে পারে।
ব্যক্তিগত চ্যাট পড়া: অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেলে অন্য কেউ ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ কথোপকথন পড়ে ফেলতে পারেন।
পরিচিতদের কাছে বার্তা পাঠানো: সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের কাছে সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা পাঠানো হতে পারে।
কনট্যাক্ট ও গ্রুপের তথ্য সংগ্রহ: যোগাযোগের তালিকা এবং গ্রুপ চ্যাটের বিভিন্ন তথ্য অন্যের হাতে চলে যাওয়ার ঝুঁকি থাকে।
প্রতারণা ও ফিশিং: অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে প্রতারণা বা ফিশিংয়ের চেষ্টা চালাতে পারে সাইবার অপরাধীরা।
কোথায় হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার বেশি ঝুঁকিপূর্ণ?
অফিসের শেয়ার করা কম্পিউটার, হোটেলের বিজনেস সেন্টার কিংবা সাইবার ক্যাফের মতো জায়গায় হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার তুলনামূলক ঝুঁকিপূর্ণ। এসব ডিভাইস একাধিক ব্যক্তি ব্যবহার করেন। ফলে কেউ লগ আউট না করে চলে গেলে পরবর্তী ব্যবহারকারী ওই অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারেন।
একান্ত প্রয়োজন ছাড়া এ ধরনের ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করাই ভালো। প্রয়োজন হলে কাজ শেষে অবশ্যই অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে হবে। শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই লগইন সেশন বন্ধ হয়েছে, তা নিশ্চিত হওয়া যায় না।
নিরাপদ থাকতে যা করবেন
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর সরাসরি অ্যাকাউন্ট থেকে লগ আউট করা নিরাপত্তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যের কম্পিউটারে লগইন করলে কাজ শেষ না হওয়া পর্যন্ত ডিভাইসটি নিজের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। ব্যক্তিগত ও বিশ্বস্ত ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার তুলনামূলক নিরাপদ।
এ ছাড়া মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপের ‘Linked Devices’ অপশন থেকে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ডিভাইসগুলো পরীক্ষা করা যায়। সেখানে অপরিচিত বা অব্যবহৃত কোনো ডিভাইস দেখা গেলে সেটি থেকে লগ আউট করার সুযোগ রয়েছে।
অনলাইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় শক্তিশালী পাসওয়ার্ড ও প্রয়োজনীয় নিরাপত্তা সেটিংস ব্যবহারের পাশাপাশি প্রতিবার কাজ শেষে সংশ্লিষ্ট ডিভাইস থেকে যথাযথভাবে লগ আউট করাও জরুরি।
মালয়েশিয়া থেকে সাড়ে ৬ হাজারের বেশি রোহিঙ্গা ফেরত পাঠানোর উদ্যোগ
বাসিজকে নির্মূল করার ক্ষমতা শত্রুপক্ষের নেই: ইরানের সেনা মুখপাত্র