মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন (মাইস) শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং সেমস-গ্লোবালের (CEMS-Global) প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানী ক্লাবের রুম-১-এ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরুন এন. ইসলাম। কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ।
সভায় মাইস শিল্পের বৈশ্বিক পরিস্থিতি, বাংলাদেশের সম্ভাবনা, শিল্পসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সভায় মেহেরুন এন. ইসলাম বলেন, ‘মাইস শিল্প কেবল অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের মধ্যে সংযোগ স্থাপন, ব্যবসা-বাণিজ্য সহজতর করা, বিনিয়োগ আকৃষ্ট করা, জ্ঞান বিনিময় এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।’
তিনি বলেন, এ শিল্পের সঙ্গে শুধু হোটেল, কনভেনশন সেন্টার ও ইভেন্ট আয়োজকরাই যুক্ত নন; এয়ারলাইনস, পরিবহন, পর্যটন অপারেটর, পেশাদার সেবাদানকারী প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কোম্পানির জন্যও এ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে।
মেহেরুন এন. ইসলাম বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, উন্নত যোগাযোগব্যবস্থা, সম্ভাবনাময় বেসরকারি খাত, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান উপস্থিতি দেশকে একটি আকর্ষণীয় মাইস গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক মাইস গন্তব্য হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মাইস শিল্পের টেকসই বিকাশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা জরুরি। সংশ্লিষ্ট সরকারি সংস্থা, বেসরকারি খাত ও শিল্পের অংশীজনদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় শিল্পসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে তোলার পাশাপাশি সংগঠনের দৃশ্যমানতা বাড়ানো, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
নতুন নির্বাহী কমিটি
মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সিনার্জি এক্সিবিশন অ্যালায়েন্সের টিপু সুলতান। সহ-সভাপতি হয়েছেন স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ফয়জুল আলম। পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করবেন মিউজিক প্ল্যানেটের সাইফুদ্দিন সাকি।
কমিটির অন্য পরিচালকরা হলেন কে. এম. রফিউল মুত্তাকিন (অ্যাট আর্থ বিডি প্রাইভেট লিমিটেড), রাজনুর রহমান (ইকো এক্সপো), রুবাইয়াত আহসান (অ্যালিয়্যান্ট লিমিটেড), সালাহউদ্দিন রাসেল (এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড), শহীদ সারওয়ার (মার্কেট এজ প্রাইভেট লিমিটেড), শাখাওয়াত হোসেন (বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড), শেখ পাপ্পু রাজ (ফিউচার ইভেন্টস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড), এস কে মো. রাশেদুল হক (এক্সপোনেট ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস) এবং ড. মো. তাসলিম আমিন শোভন (ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড)।
মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একটি সরকার অনুমোদিত ট্রেড বডি। দেশের মাইস শিল্পকে সুসংগঠিত, পেশাদার ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত উদ্যোগ, সহযোগিতা ও কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সভা শেষ হয়।
বিভিন্ন বাণিজ্যিক সংগঠনে যুক্ত মেহেরুন এন. ইসলাম
মেহেরুন এন. ইসলাম বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন ও চেম্বারের নেতৃত্ব এবং সদস্যপদের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি ইস্টার্ন ইউরোপিয়ান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইইবিসিসিআই) এবং লাতিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলএবিসিসিআই) পরিচালক।
তিনি অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি), আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম), অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচ্যাম), বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই), বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই), বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইন্দোনেশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইনডোবিডিসিসিআই) সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারে যে ভুলে ঝুঁকিতে অ্যাকাউন্ট
ভারত-ইসরায়েল সম্পর্কের গভীরতার রহস্য কী?
আরও কমলো সোনার দাম, এখন ভরি কত?