রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বান এবং সর্বদলীয় সংলাপের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তারা বলেন, রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারের বিষয়। এ সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতের রায় রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি বাংলাদেশের জন্য নৈতিক বিজয়। তবে রোহিঙ্গা সংকট বড় ধরনের নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্য দেশের বিপুলসংখ্যক নাগরিককে দীর্ঘ সময় আশ্রয় দিয়ে রাখা বাংলাদেশের জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে।
তিনি বলেন, ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে নিজেদের কৌশলগত গুরুত্ব বাড়াতে হবে। রোহিঙ্গা সংকটের সঙ্গে আরাকান আর্মিসহ একাধিক পক্ষ জড়িত। তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও যোগাযোগ বাড়ানো প্রয়োজন। ভারত এ সংকটে বাংলাদেশের পাশে দাঁড়াবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, এ সংকট কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, এটি জাতীয় অগ্রাধিকারের ইস্যু। সমাধানে সরকারকে অবিলম্বে সর্বদলীয় সংলাপের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গেও সমন্বিত আলোচনা প্রয়োজন।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, রোহিঙ্গা গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ অর্জন কাজে লাগাতে হবে। এ বিষয়ে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করা উচিত এবং জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাতে হবে। তিনি বলেন, মিয়ানমার, চীন ও বাংলাদেশের মধ্যে সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ওআইসি, আসিয়ান ও মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে মক্কা প্যাক্টসহ সংশ্লিষ্ট উদ্যোগগুলোও কাজে লাগানো প্রয়োজন।
ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতের রায়কে ভিত্তি করে বাংলাদেশকে কৌশলগতভাবে এগিয়ে যেতে হবে। আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে এখনই কার্যকর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
সভায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। রাষ্ট্রের স্থায়ী সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক মানুষের জীবনযাপন, নিরাপত্তা, মাদক ও অপরাধের বিস্তার দেশের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশের মাদক পাচারের অন্যতম পাইপলাইন টেকনাফ। বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনলো বিজিবি
লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড