মন্দিরে  ১২১ কেজি স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

ভক্তির এক অনন্য নজির গড়ে ভারতের তিরুপতি মন্দিরে ২০৬ কোটি রুপি মূল্যের ১২১ কেজি স্বর্ণ ও হীরাখচিত অলংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশে এই মূল্যবান সামগ্রী দান করা হয়।

বর্ধমান ও রাধিকা জৈন আনুষ্ঠানিকভাবে তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) পুরোহিত ও প্রতিনিধিদের হাতে এসব অলংকার তুলে দেন। দান করা সামগ্রীর মধ্যে হীরাখচিত স্বর্ণের গয়নাও রয়েছে, যা মন্দিরের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য দান হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভগবান ভেঙ্কটেশ্বরকে ২০৬ কোটি রুপি মূল্যের সোনার অলংকার দান করা একটি ব্যতিক্রমী কাজ। দেবতার প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থেকেই এই জৈন দম্পতি এ দান নিয়ে এগিয়ে এসেছেন। এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

নাইডু জানান, ওই দম্পতি তাকে বলেছেন যে দৈব অনুপ্রেরণা থেকেই তারা এ দান করেছেন। শ্রী কৃষ্ণদেবরায়, পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর ও মারাঠা শাসকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, যুগ যুগ ধরে ভক্ত ও শাসকেরা এই মন্দিরকে সমৃদ্ধ করেছেন। আলিপিরি বোমা হামলা থেকে বেঁচে ফেরার ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভগবান ভেঙ্কটেশ্বর আমাকে নতুন জীবন দিয়েছেন। তার আশীর্বাদেই আমি বেঁচে গিয়েছিলাম।

টিটিডির সহায়তায় অন্ধ্রপ্রদেশজুড়ে পাঁচ হাজার মন্দির নির্মাণ ও ‘বৃক্ষ গোবিন্দম’ উদ্যোগের কথা উল্লেখ করে নাইডু বিত্তবানদের এই দম্পতির দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, মানব সেবাই মাধব সেবা—এই আদর্শেই ভক্তদের পরিচালিত হওয়া উচিত এবং সম্পদ সমাজকল্যাণ ও সুবিধাবঞ্চিতদের সেবায় ব্যয় করা প্রয়োজন।

সূত্র: এনডিটিভি

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত