আন্তর্জাতিক অ্যাথলেটিকসে বাংলাদেশের সুমাইয়ার ব্রোঞ্জ জয়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

আন্তর্জাতিক অ্যাথলেটিকসের মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করেছেন স্প্রিন্টার দেওয়ান সুমাইয়া। ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস প্রতিযোগিতার নারীদের ১০০ মিটার দৌড়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। প্রতিযোগিতার প্রথম দিনেই তাঁর এই সাফল্যে পদক তালিকায় নাম উঠেছে বাংলাদেশের।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের ওডিশা রাজ্যের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। সেখানে সুমাইয়া দৌড় শেষ করেন ১২.২৪ সেকেন্ডে। অল্প ব্যবধানের লড়াইয়ে ভারতের প্রতিযোগী ভি সুদীক্ষাকে পেছনে ফেলে তৃতীয় স্থান নিশ্চিত করেন বাংলাদেশের এই অ্যাথলেট। 

এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন ভারতের টি ম্রিথিকা। তিনি সময় নিয়েছেন ১২.০২ সেকেন্ড। ১২.০৭ সেকেন্ডে দৌড় শেষ করে রুপা জিতেছেন শ্রীলঙ্কার কে রিসানসা হিরুপামা। সুমাইয়ার সঙ্গে ফাইনালে অংশ নেওয়া বাংলাদেশের আরেক প্রতিযোগী রেখা আক্তার সপ্তম হয়েছেন। 

সুমাইয়া দেওয়ান বাংলাদেশের নারী স্প্রিন্টে পরিচিত মুখ। এর আগে ২০২৫ সালের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত ১৭তম সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছিলেন তিনি। এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতে নিজের সক্ষমতার প্রমাণ দিলেন এই অ্যাথলেট। 


২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে তিন দিনব্যাপী বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এতে সাতটি দেশের অ্যাথলেটরা অংশ নিচ্ছেন। প্রথম দিনের এই ব্রোঞ্জ পদক বাংলাদেশের বাকি প্রতিযোগীদের জন্যও ইতিবাচক সূচনা তৈরি করেছে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বিএইচবি
আরও পড়ুন