চীনের ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশন তাদের প্রথম বিদেশি অতিথির জন্য একটি বিশেষ হালাল খাবারের মেনু প্রস্তুত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলীর জন্য তৈরি এই মেনুতে ১০০টিরও বেশি পদের খাবার রয়েছে—যার মধ্যে বিফ নিহারি, ল্যাম্ব কোর্মা, কারিড চিকপিস (ছোলার তরকারি) এবং বাটার চিকেন উল্লেখযোগ্য।
বুধবার ‘শেনঝো-২৪’ মহাকাশযানে চড়ে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়া আলীর আগমন উপলক্ষে এই আয়োজন করা হয়। তিন সদস্যের এই ক্রু দলে আরও রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই, যারা উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন।
মহাকাশ স্টেশনে চীনা সহকর্মীদের সাথে পরিচিত হওয়ার সময় আলী প্রাচ্যের কবি হিসেবে খ্যাত প্রখ্যাত পাকিস্তানি কবি আল্লামা মুহাম্মদ ইকবালের একটি শের (দ্বিপদী কবিতা) আবৃত্তি করেন। তিনি বলেন, 'সিতারোঁ সে আগে জাঁহা অউর ভি হ্যায়; অভি ইশক কে ইমতেহাঁ অউর ভি হ্যায়' (নক্ষত্রের ওপারেও আরো বহু জগৎ রয়েছে; ভালোবাসা ও আবেগের পরীক্ষা এখনো আরো বাকি আছে)—এবং পরে তিনি চীনা নভোচারীদের জন্য এর অনুবাদ করে শোনান।
স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হতে পেরে আলী নিজেকে 'অবিশ্বাস্যরকম রোমাঞ্চিত' বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'শৈশবের একটি স্বপ্ন অবশেষে সত্যি হলো।'
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এই যৌথ মিশন চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। তিনি বলেন, 'চীনের মহাকাশ স্টেশন হলো শান্তি, বন্ধুত্ব এবং সহযোগিতার একটি স্টেশন।' তিনি আরো যোগ করেন, মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের পতাকা সমুন্নত রাখতে, মহাকাশ কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগিতা গভীরতর করতে, বৈশ্বিক মহাকাশ শাসনব্যবস্থার উন্নতি ঘটাতে এবং মহাকাশ অনুসন্ধানের সুফল যেন সমগ্র মানবজাতি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে বেইজিং পাকিস্তান ও অন্যান্য দেশের সাথে কাজ করবে।
গুও আরো বলেন, চীনের মহাকাশ স্টেশন কেবল চীনা নভোচারীদের আবাসস্থল নয়, বরং এটি বৈশ্বিক বৈজ্ঞানিক গবেষণারও একটি মঞ্চ; এবং একত্রে মহাকাশ অনুসন্ধানের জন্য আরো বেশি দেশের সাথে কাজ করতে বেইজিং প্রস্তুত রয়েছে।
এর আগে সিজিটিএন জানিয়েছিল, গবেষণা কেন্দ্রটি পাকিস্তানি নভোচারীর জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করেছে, চীনা-ইংরেজি দ্বিভাষিক ম্যানুয়াল প্রস্তুত করেছে এবং সম্পূর্ণ ইংরেজিতে নির্দেশনার পরিবর্তে চীনা ও ইংরেজি—উভয় ভাষায় নির্দেশনা দেয়ার ব্যবস্থা করেছে। এ ছাড়া পাকিস্তানি নভোচারী ধ্রুপদী চীনা কবিতাও শিখেছেন।
সংবাদমাধ্যমটি কেন্দ্রের গবেষক চেন জুনলির উদ্ধৃতি দিয়ে জানায়, গবেষক দলটি শক্তি ও পুষ্টির মানদণ্ড বজায় রেখে খাবারগুলোর রেসিপি তৈরি করেছে; মিশনের শুরুতে হালকা ও সহজে হজমযোগ্য খাবার রাখা হয়েছে এবং হলুদ ও কারির মতো মসলার পছন্দের বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে। সিজিটিএন-এর প্রতিবেদন অনুযায়ী, চেন জানান, পুরো উৎপাদন প্রক্রিয়াটিই ছিল হালাল এবং খাবারগুলোর স্বাদ বারবার পরীক্ষা করে রেসিপিগুলো আরো নিখুঁত করা হয়েছে, যার ফলাফল খুবই ইতিবাচক ছিল।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের সমর্থনে একাট্টা মিশিগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
ইরানে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ভিন্ন চিন্তা