মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সেনা পাঠানোর পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার: আরাঘচিকে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যোগ দেওয়া কিংবা ওই অঞ্চলে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ অবস্থানের কথা জানান দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন।

দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় এবং সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এ সময় চো হিউন আশ্বস্ত করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে হস্তক্ষেপ কিংবা অংশ নেওয়ার কোনো ইচ্ছা সিউলের নেই।

আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি অঞ্চলে বিদেশি সেনাদের উপস্থিতির বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, বিদেশি বাহিনীর উপস্থিতি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পরিবর্তে উত্তেজনা বাড়ায় এবং সংঘাতের পরিধি বিস্তৃত করে।

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্ত ও কাঠামো সম্পর্কে ইরানের দৃঢ় অবস্থান ও দৃষ্টিভঙ্গিও পুনর্ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাঁর দেশের অঙ্গীকারের কথা জানান। তিনি স্পষ্ট করেন, চলমান যুদ্ধে অংশ নেওয়া কিংবা ওই অঞ্চলে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা সিউলের নেই।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে সামরিক উত্তেজনা বৃদ্ধির কথা উল্লেখ করে চো হিউন আশা প্রকাশ করেন, চলমান যুদ্ধ ও উত্তেজনা অবসানে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত