বিয়ে করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম

বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কোটি কোটি দর্শকের জন্য জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি তিনি উদযাপন করেছেন একান্ত ব্যক্তিগত পরিবেশে।

মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি জানান মি. বিস্ট।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'আমি ‘মিসেস বিস্ট’-কে খুঁজে পেয়েছি, আর এটি ছিল আমার জীবনের সেরা দিন।'

দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সম্পূর্ণ ব্যক্তিগত আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন বা বিশাল অনুষ্ঠানের বদলে তারা বেছে নেন শান্ত ও অন্তরঙ্গ পরিবেশ।

বিয়ের দিনে থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ওপর সূক্ষ্ম ফুল ও লেসের নকশা করা একটি দৃষ্টিনন্দন গাউন। অন্যদিকে মি. বিস্ট ছিলেন সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাইয়ে ক্লাসিক সাজে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন এই যুগল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'পিপল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মি. বিস্ট বলেছিলেন, তার বন্ধুরা ধারণা করেছিলেন তিনি হয়তো সুপার বোলের মতো বড় কোনো মঞ্চে বিয়ের প্রস্তাব দেবেন। তবে তিনি চেয়েছিলেন বিষয়টি একান্ত ব্যক্তিগত ও স্মরণীয় একটি মুহূর্ত হিসেবে রাখতে।

জিমি ও থিয়ার পরিচয় হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এক সাধারণ বন্ধুর মাধ্যমে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ থিয়াকে বার্তা পাঠিয়ে তার লেখা বই ‘দ্য মার্কড চিলড্রেন’ পড়ার আগ্রহ প্রকাশ করেন জিমি। সেই আলাপ থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের ভালোবাসার সম্পর্ক।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন মি. বিস্ট। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত স্থগিত রাখেন।

বিয়ের আগেই নিজেদের সম্পর্ক নিয়ে থিয়া বলেছিলেন, 'আমার মনে হয় আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। আমরা আমাদের ভবিষ্যৎ, সন্তান এবং ৭০ বছর বয়সেও একসঙ্গে কেমন থাকব এসব নিয়ে কথা বলি। আনুষ্ঠানিক বিয়েটা আমাদের সম্পর্কের আরেকটি সুন্দর ধাপ মাত্র।'

AM/SN
আরও পড়ুন