কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানানোয় দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হোয়েকস্ট্রাকে বহিষ্কারের দাবি উঠেছে। এ দাবিতে করা একটি অনলাইন পিটিশনে ২ লাখ ৯০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। পিটিশনটি আনুষ্ঠানিকভাবে কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে নিবন্ধিত হয়েছে।
বৃহস্পতিবার পিটিশনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। এর ফলে মার্কিন রাষ্ট্রদূতকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত কূটনীতিক ঘোষণা এবং তাঁর কূটনৈতিক সুযোগ-সুবিধা প্রত্যাহারের দাবিতে কানাডার আইনপ্রণেতাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হয়েছে।
কানাডার গ্রিন পার্টির নেতা এলিজাবেথ মে সাংবাদিকদের বলেন, ‘তিনি (হোয়েকস্ট্রা) বারবার কানাডীয়দের সঙ্গে অপমানজনক ও অবমাননাকর আচরণ করেছেন।’
সাবেক এই অফিস-ফার্নিচার বিক্রেতা পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হন। হোয়েকস্ট্রাকে কানাডায় দায়িত্ব পালন করা ‘সবচেয়ে কূটনীতিবহির্ভূত কূটনীতিক’ হিসেবে আখ্যায়িত করে এলিজাবেথ মে বলেন, ‘আমার মনে হয়, অন্য কোনো দেশে বসবাস করলে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন।’
কানাডার প্রতি ট্রাম্পের সংঘাতমূলক অবস্থানকে সমর্থন করায় বারবার সমালোচনার মুখে পড়েছেন মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার বক্তব্য নিয়ে উদ্বেগকে তিনি গুরুত্বহীন হিসেবে দেখিয়েছেন। এ ছাড়া কানাডার কর্মকর্তাদের সঙ্গেও তাঁর একাধিকবার বিরোধ তৈরি হয়েছে।
গত জুনে হোয়েকস্ট্রা বলেছিলেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়ে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে ‘চমৎকার আলোচনা’ হওয়া উচিত।
ট্রাম্পের নীতি ও শুল্কের বিরোধিতা করায় কানাডার রাজনীতিকদেরও সমালোচনা করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনের নীতির বিরোধিতা অব্যাহত থাকলে দুই প্রতিবেশী দেশের সামরিক সম্পর্ক পরিবর্তিত হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন এই মার্কিন রাষ্ট্রদূত।
ট্রাম্পের শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বক্তব্যের প্রভাব দুই দেশের সম্পর্কেও পড়েছে। চলতি বছরের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এসব উত্তেজনার মধ্যে কানাডীয়দের যুক্তরাষ্ট্র ভ্রমণ ২৫ শতাংশ কমেছে।
অন্যদিকে কানাডায় নিজের অজনপ্রিয়তা প্রসঙ্গে হোয়েকস্ট্রা বলেছেন, কূটনৈতিক দায়িত্ব পালন করতে গিয়েই তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। কানাডীয়দের কাছে জনপ্রিয় হওয়া তাঁর দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন তিনি।
চলতি বছরের শুরুর দিকে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিষয়টি আমাকে নিয়ে নয়। ডোনাল্ড ট্রাম্প আমাকে কানাডায় পাঠাননি কানাডীয়দের কাছে জনপ্রিয় হওয়ার জন্য। বরং আমার মনে হয়, তিনি বলতেন—কানাডায় গিয়ে যদি তুমি জনপ্রিয় হও, তাহলে সম্ভবত নিজের দায়িত্ব ঠিকমতো পালন করছ না।’
এদিকে পিটিশনটির বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র পলিটিকোকে বলেন, ‘দূতাবাস পিটিশনটির বিষয়ে অবগত। এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করতে চাই না।’
কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার বক্তব্য দিয়ে দুই দেশের সম্পর্কে বারবার উত্তেজনা সৃষ্টি করেছেন ট্রাম্প। এমনকি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে দেশটির ‘ভবিষ্যৎ গভর্নর’ বলেও উল্লেখ করেছেন তিনি। ওয়াশিংটনের এ ধরনের বক্তব্য কানাডার সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
নাড়াচাড়া দিলে ডানে-বামে যেতে পারবেন না: প্রতিমন্ত্রী
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু