নেতানিয়াহুর নতুন কৌশল, আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হবেন!

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ এএম

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'ইয়াশার' দলের চেয়ারম্যান গাদি আইজেনকোটের সাথে ক্ষমতার পালাবদল (রোটেশন) চুক্তিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সম্মত আছেন—এমন ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম 'চ্যানেল ১৩' এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের বিষয়ে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলে ভিন্নমত রয়েছে।

সরকারি সম্প্রচারমাধ্যম 'কান'-এর প্রতিবেদন অনুযায়ী, অনানুষ্ঠানিক মাধ্যমগুলোর সাহায্যে ইতোমধ্যেই এই প্রস্তাব পৌঁছে দেয়া হয়েছে, যাতে লিকুদ পার্টি প্রয়োজনে বিষয়টি বিশ্বাসযোগ্যভাবে অস্বীকার করার সুযোগ রাখতে পারে; যদিও এ ধরনের যেকোনো সমঝোতার শর্তাবলি নিয়ে দলটির ভেতরে মতভেদ রয়ে গেছে।

এদিকে চ্যানেল ১৩-এর খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর এই প্রস্তাবের বিষয়ে আইজেনকোট অত্যন্ত সন্দিহান রয়েছেন এবং আগামী সপ্তাহে একটি নতুন সরকার গঠনের শপথ নেয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

খবর অনুযায়ী, আইজেনকোট তার জোটসঙ্গী—ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান এবং ইসরায়েল বেইতেনু দলের চেয়ারম্যান আভিগদোর লিবারম্যানকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের অনুমোদন ছাড়া তিনি নেতানিয়াহুর সাথে কোনো জাতীয় ঐক্যের সরকার গঠন করবেন না।

আইজেনকোটের জোটের জ্যেষ্ঠ নেতারা চ্যানেল ১৩-কে জানিয়েছেন, 'বি’ইয়াহাদ' দলের চেয়ারম্যান নাফতালি বেনেট—যিনি প্রকাশ্যে লিকুদ পার্টির সাথে একটি ঐক্যের সরকার গঠনের পক্ষে জোর দিয়ে আসছেন—নেতানিয়াহুর সাথে আলোচনার সব পথ বন্ধ হওয়ার আগেই যদি আইজেনকোটের নেতৃত্বে কোনো সরকার গঠিত হয়, তবে তিনি সেই সরকারের বিপক্ষে ভোট দেয়ার পরিকল্পনা করছেন।

এর আগে বেনেট বলেছিলেন, লিকুদের সাথে জোট গঠনের আলোচনা ব্যর্থ হলে তিনি অন্যান্য 'কম কাঙ্ক্ষিত' বিকল্পের পথে হাঁটতে প্রস্তুত রয়েছেন।

‘ইয়াশার’ পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট শুক্রবার জানিয়েছেন, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছ থেকে পাওয়া সরকার গঠনের নির্ধারিত সময়সীমার (ম্যান্ডেট) অবশিষ্ট আট দিনের মধ্যেই তিনি নতুন সরকার গঠন করতে চান। পাশাপাশি, আবার নির্বাচন অনুষ্ঠানের পরিস্থিতি তৈরি করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি জোট গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছে বলেও তিনি অভিযোগ করেন।

আগামী ৬ ডিসেম্বর যার সরকার গঠনের সময়সীমা শেষ হতে যাচ্ছে, সেই আইজেনকোট ইতোমধ্যেই আভিগদোর লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’ এবং ইয়াইর গোলানের ‘দ্য ডেমোক্র্যাটস’ দলের সাথে জোট গঠনের সমঝোতায় পৌঁছেছেন। ১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এই তিনটি দলের সম্মিলিত আসন সংখ্যা ৩৬টি।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বি’ইয়াহাদ’ দলকে সাথে নিলেও আইজেনকোটের এই চার-দলীয় জোটের আসন সংখ্যা দাঁড়ায় মাত্র ৪৮টি, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের চেয়ে অনেক কম। এই ঘাটতি পূরণ করতে আইজেনকোট দুটি আরব-নেতৃত্বাধীন দল অথবা দুটি অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলের সমর্থনের ওপর নির্ভর করতে পারেন।

সূত্র : টাইমস অব ইসরায়েল

 

এইচএন
আরও পড়ুন