ইসরায়েলের আরব দল রা'ম পার্টির চেয়ারম্যান মানসুর আব্বাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।
গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সমঝোতা চুক্তিতে প্রকাশ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করাকে একটি পূর্বশর্ত হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, রা’আম এবং হামাস—উভয় দলেরই শিকড় ইসলামপন্থী আন্দোলনের সাথে যুক্ত।
আব্বাস নিশ্চিত করেছেন, শনিবার রাতে ‘চ্যানেল ১২’-এ সম্প্রচারিতব্য এক সাক্ষাৎকারে তিনি হামাসকে কীভাবে সংজ্ঞায়িত করা হবে সে বিষয়ে আলোচনা করবেন। তিনি অনুরোধ জানিয়ে বলেন, 'আমার নামে প্রচারিত অন্যান্য বক্তব্যের পরিবর্তে সাক্ষাৎকারে আমি কী বলেছি, কেবল সেদিকেই যেন মনোযোগ দেয়া হয়।'
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি হামাস সম্পর্কে আব্বাসের এই আসন্ন বক্তব্যকে 'একটি প্রহসন... বামপন্থী জোটের লিখে দেওয়া একটি নাটক' বলে নিন্দা জানিয়েছে।
লিকুদ পার্টি বলেছে, "প্রতারিত হবেন না। আব্বাস ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান, যা মুসলিম ব্রাদারহুডের একটি শাখা; আর এ গোষ্ঠীটি এই নীতিতে বিশ্বাস করে যে, ‘কাফেরদের’ পরাজিত করার জন্য তাদের সাথে মিথ্যা বলা বৈধ।”
লিকুদ আরো উল্লেখ করে যে, আব্বাস পূর্বে বলেছিলেন, 'আমরা রাষ্ট্রের ইহুদি চরিত্রকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিলাম; অন্যথায় আমাদের নেসেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করা হতো।' দলটির মতে, বামপন্থীদের একটি 'ধ্বংসাত্মক সরকার' গঠনে সহায়তা করার জন্য তিনি যা খুশি তাই বলবেন। লিকুদ অভিযোগ করে বলে, 'এটি হবে এমন একটি সরকার যা এমন সব জোটসঙ্গীর ওপর নির্ভরশীল, যারা ভেতর থেকে ইসরায়েল রাষ্ট্রকে ভেঙে ফেলতে চায়, যারা আইডিএফ সেনাদের জীবনের চেয়ে সন্ত্রাসীদের স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে।'
জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির অভিযোগ করেছেন, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার উদ্দেশ্যেই আব্বাস হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিশ্বাস করার ভান করে মিথ্যা বলতে প্রস্তুত হয়েছেন।
বেন-গভির বলেন, 'তিন বছর পর মানসুর আব্বাস হঠাৎ করে আবিষ্কার করেননি যে, যারা ধর্ষণ, গণহত্যা, অগ্নিসংযোগ, নির্যাতন ও অপহরণ করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন।'
আব্বাস “‘তাকিয়া’-এর সাথে পরিচিত”—এমন মন্তব্য করে এই কট্টর ডানপন্থী মন্ত্রী ইসলামের একটি ধারণার কথা উল্লেখ করেন, যাকে তিনি 'ইসরাইল রাষ্ট্র ধ্বংস করার স্বার্থে মিথ্যা বলা বৈধ' হিসেবে ব্যাখ্যা করেন। বেন-গভির অভিযোগ করেন, আব্বাস 'এটাও জানেন যে, [ইসরাইল বেইতেনু নেতা আভিগদোর] লিবারম্যান, [বি’ইয়াহাদ নেতা নাফতালি] বেনেট এবং [ইয়াশার নেতা গাদি] আইজেনকোট কেবল ক্ষমতা ধরে রাখার জন্য ইসরাইল রাষ্ট্রকে বিক্রি করে দেবেন।'
তিনি আরো যোগ করেন, "আব্বাস একজন মিথ্যাবাদী। তাকে বিশ্বাস করা যায় না। এটি একটি ঘৃণ্য রাজনৈতিক কৌশল—তিন কদম সামনে এগিয়ে সরাসরি ইসরাইলের নীতিনির্ধারণী কেন্দ্রের ভেতরে প্রবেশ করার জন্য এক কদম পিছিয়ে আসা। আইজেনকোট কেবল ক্ষমতার আসন নিশ্চিত করার জন্য এই প্রহসন মেনে নিতে এবং ইসরাইলের নিরাপত্তার সাথে আপস করতে প্রস্তুত। এটি অত্যন্ত লজ্জাজনক। এই ‘ধ্বংসের সরকার’ গঠন প্রতিহত করতে আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব।”
এদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার বিষয়ে আব্বাসের কথিত 'নাটকীয়' অভিপ্রায়ে যারা 'মুগ্ধ' হচ্ছেন, তারা 'আব্বাসকে বা মুসলিম ব্রাদারহুডের কৌশলগুলোকে চেনেন না।'
স্মোট্রিচ দাবি করেন, এই কৌশলগুলোর মধ্যে রয়েছে “‘তাকিয়া’র চর্চা, যা মূলত গোপনীয়তা এবং মিথ্যা বলার মানসিকতার ওপর প্রতিষ্ঠিত—অর্থাৎ ক্ষমতার পদ নিশ্চিত করার জন্য অপর পক্ষ যা শুনতে চায়, ঠিক তাই বলা।”
তিনি আরো বলেন, 'ভেতর থেকে ইসরায়েলকে ভেঙে ফেলার জন্যই আব্বাস সরকারে যোগ দিতে চান। এটি অর্জনের জন্য তার কাছ থেকে যা যা মিথ্যা বলা প্রয়োজন, তিনি তার সবই বলবেন। আমাদের অবশ্যই এই ফাঁদে পা দেয়া উচিত নয় এবং ইসরাইলের শত্রুদের ওপর নির্ভরশীল কোনো বিপর্যয়কর সরকার গঠন করা উচিত নয়।'
সূত্র : জেরুসালেম পোস্ট
নেতানিয়াহুর নতুন কৌশল, আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হবেন!
মক্কা জোটে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে একমত তুরস্ক, পাকিস্তান, সৌদি