এআইর প্রভাবে হারিয়ে যেতে পারে সোনার মূল্য, মূল্যবান হবে চিত্রকর্ম ‘মোনালিসা’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতির প্রচলিত কাঠামো বদলে দেবে এমনই এক ভবিষ্যৎ চিত্র তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের তরুণ হেজ ফান্ড ব্যবস্থাপক লিওপোল্ড আশেনব্রেনার। তাঁর মতে, এআইয়ের দ্রুত অগ্রগতিতে বিশ্বের প্রায় ৫০০ ট্রিলিয়ন ডলারের সম্পদমূল্য ধসে যেতে পারে। এতে এনভিডিয়াসহ এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ৪০০টির বেশি কোম্পানির মূল্য প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে। এমনকি সোনার মূল্যও একসময় হারিয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদে সবচেয়ে মূল্যবান সম্পদের একটি হতে পারে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’।

২৫ বছর বয়সী আশেনব্রেনার তাঁর বিনিয়োগকারীদের কাছে পাঠানো ১৬৭ পৃষ্ঠার এক চিঠিতে এসব পূর্বাভাস তুলে ধরেছেন। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘সিচুয়েশনাল অ্যাওয়ারনেস’ নামের তাঁর হেজ ফান্ডের বিনিয়োগকারীদের কাছে চিঠিটি পাঠানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইনফারেন্স। এতে নিজের ফান্ডের বড় ধরনের লোকসানের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি এআইনির্ভর ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেছেন তিনি।

ক্রিপ্টো ব্রিফিংয়ের প্রতিবেদন অনুযায়ী, একপর্যায়ে আশেনব্রেনারের ফান্ডের সম্পদমূল্য প্রায় ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। কিন্তু গত জুলাইয়ে বড় ধস নামে। জুনের সর্বোচ্চ অবস্থান থেকে ফান্ডটির মূল্য কমে যায় ৬৭ শতাংশ। তৃতীয় প্রান্তিক শেষে নিট হিসাবে লোকসানের পরিমাণ দাঁড়ায় ৬৫ শতাংশ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফান্ডের বিনিয়োগ কৌশলে একই সঙ্গে কিছু শেয়ারে কেনা এবং কিছু শেয়ারে দরপতনের বাজি ছিল। জুলাইয়ের শুরুতে ফান্ডটি ১ দশমিক ৬ গুণ লং এবং এক গুণ শর্ট অবস্থানে ছিল। ফান্ডটি যে মাইক্রোনের শেয়ারের দরপতনের ওপর বাজি ধরেছিল, সেটির দাম প্রায় ৩০ শতাংশ কমে যায়। কিন্তু তাদের মালিকানায় থাকা এসকে হাইনিক্স ও কিওক্সিয়ার শেয়ারের দাম কমে যায় ৫৫ থেকে ৬৫ শতাংশ। অন্যদিকে, যেসব সফটওয়্যার ও আইটি আউটসোর্সিং কোম্পানির শেয়ারের দরপতনের প্রত্যাশা করেছিল ফান্ডটি, সেগুলোর কোনো কোনো শেয়ারের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

মাসের শেষ দিকে ফান্ডটিকে শেয়ার বিক্রি করতে বাধ্য হতে হয়। একবারের বড় লেনদেনে প্রায় ১৬ বিলিয়ন ডলারের তালিকাভুক্ত শেয়ার বিক্রি করা হয়। ক্রিপ্টো ব্রিফিং ও দ্য ইনফারেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব শেয়ারের ক্রেতা ছিল সিটাডেল। তবে আশেনব্রেনারের চিঠিতে কেন গ্রিফিনের প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করা হয়নি।

লোকসানের দায় নিজের কাঁধে নিয়েছেন আশেনব্রেনার। চিঠিতে তিনি লিখেছেন, ফান্ডটির কখনোই এমন ঝুঁকির মুখে পড়া উচিত ছিল না। এর সম্পূর্ণ দায় তাঁর নিজের। তাঁর মূল্যায়ন, পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে পারলে লোকসান ৫০ শতাংশের বেশি হওয়া উচিত ছিল না।

আশেনব্রেনারের অন্যতম বড় পূর্বাভাস, এআই ইতিমধ্যে নিজেকে আরও উন্নত করার সক্ষমতা অর্জন করছে। তাঁর ধারণা, ২০২৭ সালে এআইয়ের অগ্রগতি এমন পর্যায়ে পৌঁছাবে, যা প্রচলিত হিসাবে তিন বছরের সমান প্রযুক্তিগত অগ্রগতির সমান হতে পারে।

তিনি মনে করেন, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ প্রতিষ্ঠানটির ৯৫ শতাংশ গবেষণার কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে। একই বছর অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সম্মিলিত আয় এক ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে বলেও তাঁর পূর্বাভাস।

জিরোহেজে প্রকাশিত চিঠির উদ্ধৃতি অনুযায়ী, আশেনব্রেনার লিখেছেন, ‘নিয়ন্ত্রক নিষেধাজ্ঞা না এলে ২০২৮ সালের মধ্যে ভিনগ্রহের প্রতিভাবানদের মতো এক সভ্যতার আবির্ভাব ঘটবে।’

শুধু বুদ্ধিবৃত্তিক কাজ নয়, শারীরিক শ্রমেও রোবট মানুষের বিকল্প হয়ে উঠবে বলে মনে করেন তিনি। তাঁর হিসাবে, বর্তমানে একটি রোবট এক ঘণ্টার শারীরিক কাজ করতে প্রায় ২২ ডলার খরচ করে। ব্যাপক উৎপাদন ও ব্যবহারের ফলে ভবিষ্যতে এ খরচ নেমে আসতে পারে মাত্র এক ডলারে।

চিঠিতে এআইয়ের অনিয়ন্ত্রিত বিস্তারের ঝুঁকিও তুলে ধরা হয়েছে। আশেনব্রেনার এমন কিছু স্বয়ংক্রিয় এআই এজেন্টের কথা বলেছেন, যেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিটকয়েন চুরি করতে পারে, সার্ভার ভাড়া করতে পারে এবং নিজেদের একাধিক অনুলিপি তৈরি করতে পারে। তবে তাঁর মতে, এআই খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে তা বিনিয়োগের জন্য ইতিবাচকও হতে পারে।

আশেনব্রেনারের সবচেয়ে চমকপ্রদ পূর্বাভাস হলো, এআইয়ের অগ্রগতির ফলে বিশ্ব অর্থনীতিতে প্রায় ৫০০ ট্রিলিয়ন ডলারের সম্পদমূল্য বিলীন হতে পারে। তাঁর হিসাবে, এই পরিমাণ অর্থ বর্তমানে বিশ্বের পরিবারগুলোর সম্মিলিত সম্পদের কাছাকাছি।

এআইয়ের কারণে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ৪০০টির বেশি কোম্পানির মূল্য প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে। এর মধ্যে এনভিডিয়াও রয়েছে। তাঁর ধারণা, বন্ড ও আবাসন খাতেও বড় ধরনের ধস নামতে পারে। এমনকি গ্রহাণু থেকে খনিজ আহরণ প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল হলে মহাকাশ থেকে বিপুল পরিমাণ সোনা পাওয়া সম্ভব হবে। ফলে সোনার প্রচলিত দুর্লভতা ও বাজারমূল্যও কমে যেতে পারে।

চিঠির ১১৩ নম্বর পৃষ্ঠায় এনভিডিয়া সম্পর্কে আশেনব্রেনার লিখেছেন, স্বয়ংক্রিয়ভাবে নিজেকে উন্নত করতে সক্ষম এআইয়ের বর্তমান গতিপথ অব্যাহত থাকলে কয়েক বছরের বেশি সময় বর্তমান কাঠামোয় টিকে থাকা প্রতিষ্ঠানটির জন্য কঠিন হতে পারে।

তবে স্বল্পমেয়াদে এনভিডিয়া ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চেয়েও বেশি চিপ বিক্রি করতে পারে বলে মনে করেন তিনি। তাঁর যুক্তি, দীর্ঘমেয়াদে নিজেকে উন্নত করতে সক্ষম এআই প্রযুক্তি চিপ নকশা ও এনভিডিয়ার সিইউডিএ সফটওয়্যার প্ল্যাটফর্মের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে।

এমন ভবিষ্যৎ পরিস্থিতিতে আশেনব্রেনারের পছন্দের দীর্ঘমেয়াদি সম্পদ হতে পারে মোনালিসা। তাঁর মন্তব্য, ফ্রান্সের কাছে থাকা বিখ্যাত চিত্রকর্মটি বিক্রির জন্য উন্মুক্ত নয় এটাই তাঁর আফসোস।

তবে আশেনব্রেনারের পূর্বাভাস নিয়ে সমালোচনাও রয়েছে। লেখক ও ওপেনএআইয়ের প্রকৌশলী অ্যাডাম মাজমুদার মনে করেন, কোম্পানিগুলোর বাজারে মূল্য নির্ধারণের ক্ষমতা কোথা থেকে আসে, তা আশেনব্রেনার বারবার ভুলভাবে ব্যাখ্যা করেছেন। অ্যাট্রিডিসের গ্যাভিন বেকার সতর্ক করেছেন, এআই খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর বাজারে প্রভাব ও মূল্য নির্ধারণের ক্ষমতা বজায় থাকার ওপর এসব বিনিয়োগের সাফল্য নির্ভর করছে।

নেক্সপ্যারাডাইম ক্যাপিটালের অংশীদার সোফি ইয়ানের আপত্তি আরও সরাসরি। তাঁর ভাষায়, ‘শুধু প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে একটি শিল্প সরবরাহব্যবস্থা তৈরি করা যায় না।’

ফান্ডে কর্মী বাড়ছে, এআই বিশ্লেষকের ঘাটতি

আশেনব্রেনার ভবিষ্যদ্বাণী করছেন, এআইয়ের অগ্রগতিতে মানুষের দক্ষতার বাজারমূল্য একসময় প্রায় শূন্যে নেমে আসতে পারে। অথচ তাঁর নিজের ফান্ডে কর্মীর সংখ্যা তিনজন থেকে বেড়ে প্রায় ৩০ জনে দাঁড়িয়েছে।

তাঁর দাবি, ওয়াল স্ট্রিটের কোনো এআই বিশ্লেষকই তাঁদের ফান্ডের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। এ কারণে তাঁরা ফারালন থেকে একজন স্বাস্থ্যসেবা খাতের পোর্টফোলিও ব্যবস্থাপক নিয়োগ দিয়েছেন।

ফান্ডটি ক্লদ ব্যবহারের জন্য বছরে আনুমানিক ১৮ থেকে ২৩ মিলিয়ন ডলার ব্যয় করে। চিঠিতে বলা হয়েছে, একপর্যায়ে ক্লদ নিজেই মেমোরি চিপের শেয়ারের দাম এত বেড়ে যাওয়ার কারণ বুঝতে বিভ্রান্ত হয়েছিল।

জুলাইয়ের পর থেকে ফান্ডটি ধার করা অর্থ ব্যবহার করে বিনিয়োগ করেনি বলে চিঠিতে দাবি করা হয়েছে। তবে জিরোহেজের প্রতিবেদনে অন্য ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে। সেপ্টেম্বরে ফান্ডটি প্রায় ৩১৫ মিলিয়ন ডলারের ডিপ-আউট-অব-দ্য-মানি কল অপশন কিনেছিল। ফান্ডটির প্রকাশিত ১৩এফ প্রতিবেদনে থাকা বিনিয়োগের প্রায় দুই-তৃতীয়াংশ ছিল এ ধরনের কল অপশন।

২০২৭ সালের ডিসেম্বরেই মিলবে পূর্বাভাসের জবাব

অ্যানথ্রপিক ও মেমোরি চিপ খাতে আশেনব্রেনার আগেভাগেই বিনিয়োগ করেছিলেন। জুলাইয়ের বড় লোকসানের পরও সেপ্টেম্বর পর্যন্ত বছরের হিসাবে তাঁর ফান্ডের মুনাফা ছিল ৮৮ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ বড় ধসের আগে ফান্ডটির উত্থান ছিল উল্লেখযোগ্য।

বিনিয়োগকারীদের উদ্দেশে চিঠিতে তিনি লিখেছেন, ‘এক বছরের মধ্যে আমাদের অথবা বাজারের মুখে বড় ধরনের কালিমা লাগবে।’

আশেনব্রেনারের পূর্বাভাসের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে ২০২৭ সালের ডিসেম্বরের শেষে। সে সময় দেখা যাবে, অ্যানথ্রপিক ও ওপেনএআই সম্মিলিতভাবে এক ট্রিলিয়ন ডলারের বেশি আয় করতে পেরেছে কি না। তাঁর ভবিষ্যৎ অর্থনীতির বিশাল পূর্বাভাসের সত্যতা যাচাইয়ের জন্য এটিই হবে একটি গুরুত্বপূর্ণ সূচক।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত