ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকায় সৌদি আরবের পাশে সামরিকভাবে দাঁড়াচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনী রোববার (২৯ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে। তবে কতজন সেনা পাঠানো হচ্ছে এবং তাঁদের দায়িত্ব কী হবে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
পাকিস্তানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় মোতায়েন করা সেনারা সৌদি আরবের ভৌগোলিক সীমানার মধ্যেই দায়িত্ব পালন করবেন। উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করাই এ পদক্ষেপের উদ্দেশ্য।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সেনা মোতায়েনের সংখ্যা, তাঁদের দায়িত্ব, অবস্থানের মেয়াদ কিংবা সৌদি আরবে পৌঁছানোর সময় সম্পর্কে পাকিস্তান কিছু জানায়নি। অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারই সৌদি আরবে সেনা পাঠানোর কথা জানিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী।
সেনা পাঠানোর ঘোষণা এমন এক সময়ে এল, যখন এর মাত্র দুই দিন আগে ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ২৬ ও ২৭ নভেম্বরের ওই বৈঠকে তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
চুক্তির মূল শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। বৈঠক শেষে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিন দেশ। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়ার পক্ষেও অবস্থান জানায় তারা।
পাকিস্তান বারবার দাবি করেছে, তিন দেশের প্রতিরক্ষা চুক্তি কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে করা হয়নি। প্রতিবেশী ইরানের বিরুদ্ধেও এই সমঝোতা নয় বলে জানিয়েছে ইসলামাবাদ। ফলে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারে পাকিস্তানের সেনা মোতায়েন নতুন কূটনৈতিক ও সামরিক গুরুত্ব তৈরি করেছে।
রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সময় সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তানের ৩০ থেকে ৪০ হাজার সেনা মোতায়েনের কথা জানিয়েছিলেন দেশটির এক কর্মকর্তা। তবে নতুন করে ঘোষিত সেনা মোতায়েনের সংখ্যা এর সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।
অন্যদিকে, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা এবং ইয়েমেনের সংঘাত পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ খোলার চেষ্টাও চালিয়ে যাচ্ছে পাকিস্তান। অর্থাৎ একদিকে সামরিক সহযোগিতা, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা—দুই পথেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ভূমিকা রাখতে চাইছে ইসলামাবাদ।
সূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পরও ঘুরে দাঁড়ালো ইরানের গ্যাস খাত
মিনাবের স্কুলে হামলা আন্তর্জাতিক আইনের একাধিক লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র
ইরানের হামলার ভয়ে আফ্রিকায় ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি