সৌদি-পাকিস্তান-তুরস্কের জোটে যোগ দিতে চায় ইয়েমেন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

পবিত্র আল-আকসা মসজিদের বিদ্যমান মর্যাদা ও অবস্থান রক্ষায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি। একই সঙ্গে মুসলিম বিশ্বের স্বার্থে কাজ করলে এই তিন দেশের সামরিক জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে আল-হুথি বলেন, গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে হওয়া যৌথ নিরাপত্তা চুক্তির পর পবিত্র স্থানটির দীর্ঘদিনের বিদ্যমান অবস্থান রক্ষায় দেশ তিনটির গুরুত্ব দেওয়া উচিত।

তিনি বলেন, ‘জোটটি মুসলিম বিশ্বের স্বার্থে কাজ করলে আমরা এতে অংশ নিতে প্রস্তুত।’

ইয়েমেনের বিরুদ্ধে নতুন কোনো সামরিক জোট গঠনের উদ্যোগ ব্যর্থ হবে বলেও সতর্ক করেন আল-হুথি। তাঁর ভাষ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন যে জোট ইয়েমেনের বিরুদ্ধে গঠন করা হয়েছিল, নতুন কোনো জোটের পরিণতিও একই হবে।

তিনি বলেন, ‘২০১৫ সালে ইয়েমেনের বিরুদ্ধে ওয়াশিংটনের ঘোষিত জোট যেমন ব্যর্থ হয়েছিল, নতুন কোনো জোটও সফল হবে না।’

ইয়েমেনে চলমান সামরিক হামলার প্রসঙ্গ তুলে আল-হুথি অভিযোগ করেন, সৌদি আরব এখনো দেশটির সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তাঁর দাবি, সৌদি বাহিনী ইয়েমেনের মুক্ত ঘোষিত প্রদেশগুলোতে বেসামরিক মানুষ, তাদের ঘরবাড়ি ও সম্পদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধের চরম পর্যায়ে অংশগ্রহণকারী পক্ষগুলো কোটি কোটি ডলার ব্যয় করলেও গাজায় সংকটের সময় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়নি।

আল-হুথি বলেন, ‘ইয়েমেনের ওপর হামলার তীব্রতম সময়ে তারা শত শত কোটি ডলার ব্যয় করেছে; অথচ প্রয়োজনের মুহূর্তে গাজার মানুষকে পরিত্যাগ করেছে।’

ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ, অবরোধ ও নৃশংসতার বিষয়গুলো উপেক্ষা করে সৌদি আরবের নীতির পক্ষে যুক্তি দেখানোর প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেন এই জ্যেষ্ঠ ইয়েমেনি কর্মকর্তা।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে সৌদি আরব সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালানোর পর উত্তেজনা নতুন করে বাড়ে। এর জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে ‘অবরোধের জবাবে অবরোধ’ কৌশল গ্রহণ করে।

২০১৫ সালের মার্চে রিয়াদ-সমর্থিত সরকারকে সানায় পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ইয়েমেনে ব্যাপক বোমা হামলা শুরু করে সৌদি আরব। একই সময়ে দেশটির ওপর অবরোধ আরোপ করা হয়। এর ফলে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক লাখ মানুষের প্রাণহানির পরও সৌদি আরব তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

সূত্র: প্রেস টিভি

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত