হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজয় দিবসে আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

চারটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) আংশিকভাবে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন টার্মিনালটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পর্যায়ক্রমে সব আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।

টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সোমবার (৩০ নভেম্বর) জাপানি একটি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি সইয়ের ১৫ দিনের মধ্যে টার্মিনালটি পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের ৮ মাসের মধ্যে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের অন্তত ২৫ শতাংশ তৃতীয় টার্মিনালে পরিচালনা করতে হবে।

আর ১৪ মাসের মধ্যে সব নির্ধারিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পর্যায়ক্রমে নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ঢাকায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল ৩০ নভেম্বর তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হবে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তি করা হচ্ছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, এটি কোনো দেশবিরোধী চুক্তি নয়। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই চুক্তির প্রতিটি বিষয় পর্যালোচনা করা হয়েছে। বিমানবন্দরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নই চুক্তির অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

চুক্তি অনুযায়ী, সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হওয়ার তারিখ থেকে পরিচালনাকারী প্রতিষ্ঠানের ১৫ বছরের পরিচালন মেয়াদ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে যাত্রী ও কার্গো খাত থেকে অর্জিত মোট আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বাংলাদেশ সরকারকে দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। বেবিচক চেয়ারম্যান জানান, টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত লক্ষ্যমাত্রা অর্জনের তারিখ যেটি আগে হবে, সেদিন থেকে সরকারের আয় অংশীদারত্ব বেড়ে ২৭ শতাংশ হবে।

চুক্তির আওতায় পরিচালনাকারী প্রতিষ্ঠান বিদেশগামী আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে বহির্গমন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং দোকান, লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপনসহ বিভিন্ন বাণিজ্যিক খাত থেকে আয় করবে। জাপানি কনসোর্টিয়াম নিজস্ব খরচে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে।

তবে বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোন ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এভিয়েশন সেফটি, নিরাপত্তা তল্লাশি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো পরিচালনা করবে।

জেএম
আরও পড়ুন