ভোটকেন্দ্রে থাকবে সিসিটিভি, বডি ক্যামেরা ও ড্রোন: ইসি সানাউল্লাহ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে এ তথ্য জানান তিনি।

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন, ওই নির্বাচনের অন্যতম বড় প্রাপ্তি ছিল সহিংসতা না হওয়া।  নির্বাচনে সহিংসতার পথ থেকে সরে আসতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ইসি বলেন, রাজনৈতিক নেতাদের কথার গুরুত্ব রয়েছে। তাদের অনুসারীরা সেই কথা কিছুটা হলেও অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে নেতারা যদি বলেন, তারা আর সহিংস নির্বাচনের পথে হাঁটবেন না, তাহলে তা ইতিবাচক ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, এর কোনো বিকল্প থাকবে না। 

নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালকে ১৮০ দিন সময় দেওয়া হলেও এখনো আগের নির্বাচন কমিশনের সময়কার ট্রাইব্যুনালের ফলাফল পাওয়া যাচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠতে নির্বাচন কমিশন কাজ করছে। এ ক্ষেত্রে বিচার বিভাগেরও সম্পৃক্ততা রয়েছে বলে জানান ইসি।

সানাউল্লাহ বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি এগিয়ে নিতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও নেতাদেরও সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো অনিয়ম বা বিকল্প পদ্ধতিতে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা হলে নির্বাচন কমিশন তা প্রতিহত করবে।

জেএম
আরও পড়ুন