খবর সংযোগ ডেস্ক: বিদ্রোহীদের তুমুল হামলার মুখে মিয়ানমারের সামরিক বাহিনীর আরও অন্তত ২৯ সৈন্য ভারতে পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ওই সৈন্যরা ভারতে পালিয়ে গেছেন।
এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে মিয়ানমারের সামরিক বাহিনীর মিজোরাম সীমান্ত লাগোয়া ঘাঁটি বিদ্রোহীরা দখলে নেওয়ায় আরও কমপক্ষে ৪৩ সৈন্য ভারতে পালিয়ে যান। তবে ভারতীয় কর্তৃপক্ষ কয়েকশ কিলোমিটার পূর্বের একটি ভিন্ন সীমান্ত ক্রসিং পয়েন্ট দিয়ে এই সৈন্যদের মধ্য থেকে অন্তত ৪০ জনকে মিয়ানমারে ফেরত পাঠায়।
সম্প্রতি দেশটির কয়েকটি এলাকায় বিদ্রোহীদের তুমুল হামলার কবলে পড়েছে সামরিক বাহিনী। বিদ্রোহীরা হামলা চালিয়ে সামরিক বাহিনীর বেশ কিছু নিরাপত্তা চৌকি ও স্থাপনার দখল নিয়েছে।
রাজধানী নেপিদোর প্রশাসনিক পরিষদের সেক্রেটারি টিন মাউং সোয়ে বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তার জন্য নিজেদের ইউনিটের বাইরেও কাজ করার প্রয়োজন হতে পারে। আদেশের বিষয়টি নিশ্চিত করে রাজধানী নেপিদো ও মধ্যাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। জরুরি পরিস্থিতিতে সহায়তা করার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার রাতে মিয়ানমার জান্তার মুখপাত্র জ্য মিন তুন বলেছেন, দেশের উত্তর-পূর্বের শান, পূর্বের কায়াহ এবং পশ্চিমে রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রবল আক্রমণের মুখোমুখি হয়েছে সামরিক বাহিনী।
তিনি বলেন, বিদ্রোহীরা সামরিক চৌকিতে শত শত বোমা ফেলার জন্য ড্রোন ব্যবহার করছে। যে কারণে সামরিক কিছু স্থাপনা খালি করা হয়েছে। আমরা ড্রোন বোমা হামলা থেকে সুরক্ষার জন্য জরুরিভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। সূত্র: রয়টার্স।

