যুদ্ধবিরতি চুক্তির আগ পর্যন্ত বোমাবর্ষণ চলবে: হেগসেথ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ অব্যাহত থাকবে, এমন কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মঙ্গলবার (৩১ মার্চ) পেন্টাগন-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সামরিক চাপ অব্যাহত

রেখেই ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চলছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে আলোচনার সম্ভাবনা নাকচ করেছে, হেগসেথের দাবি পর্দার আড়ালে আলোচনা ‘বাস্তব’ এবং তা এগোচ্ছে।

তিনি আরও দাবি করেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের বড় অংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে এবং মার্কিন যুদ্ধবিমান এখন দেশটির আকাশে কার্যত বাধাহীনভাবে উড়ছে। তার ভাষায়, ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো শনাক্ত হলেই তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হচ্ছে।

হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনের অতিরিক্ত শক্তি ব্যবহার করতে চায় না, তবে প্রয়োজনে ‘বোমা দিয়ে আলোচনা’ করতেও তারা প্রস্তুত। তার মতে, একটি চুক্তিতে না এলে বর্তমান ইরানি শাসকগোষ্ঠীর অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে।

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়েও কথা বলেন তিনি। জানান, হাজার হাজার মার্কিন মেরিন ও ৮২তম এয়ারবোর্ন ইউনিট মোতায়েনের উদ্দেশ্য হলো ইরানের ওপর চাপ তৈরি করা। প্রয়োজনে স্থল হামলার একাধিক বিকল্প প্রস্তুত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে মিত্রদের ভূমিকা বাড়ানোর আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, যারা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে না, তাদের নিজস্ব স্বার্থ রক্ষায় নিজেরাই উদ্যোগ নিতে হবে।

হেগসেথ ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে বলেন, ইরান যদি ‘বুদ্ধিমান’ সিদ্ধান্ত নেয়, তাহলে একটি চুক্তির পথ এখনো খোলা আছে। সূত্র: টাইম

AS/FJ
আরও পড়ুন