মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি গেস্ট হাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, শফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।
জানা গেছে, বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়। আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দেশে পাঠানোর সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হরমুজ প্রণালীতে কেন দিশেহারা পরাশক্তিরা?
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন, দাবি ট্রাম্পের
