সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিয়াজ মোর্শেদ তোতা (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরির ছেলে।
সোমবার (২০ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিয়াজ মোর্শেদ তোতার ভাতিজা আল ফাহাদ মঙ্গলবার (২১ এপ্রিল) তার চাচার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। নিয়াজ মোর্শেদ তোতা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। তিনি সেখানে ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন।
আল ফাহাদ জানান, নিয়াজ মোর্শেদ তোতা জিপ গাড়িতে করে গতকাল ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ড ভ্যান পাশ থেকে জিপ গাড়িটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তোতাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল ফাহাদ আরও জানান, নিয়াজ মোর্শেদ তোতার মরদেহ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
