দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া অবৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এ লক্ষ্যে জারি করা হয়েছে নতুন জরুরি অধ্যাদেশ, যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
গত ২৩ এপ্রিল জারি হওয়া জরুরি অধ্যাদেশ নম্বর ৩২-এর মাধ্যমে নন-ইইউ বিদেশি কর্মীদের জন্য এই সুযোগ উন্মুক্ত করা হয়। পরবর্তীতে ২৭ এপ্রিল এটি অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়, ফলে আইনি কাঠামোর আওতায় আসে পুরো উদ্যোগটি। এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেক প্রবাসী, বিশেষ করে বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাস রোমানিয়া জানিয়েছে, এর ফলে বহু কর্মী তাদের হারানো আইনি অবস্থান পুনরুদ্ধারের সুযোগ পাবেন।
মূলত তাদের জন্যই এই সুবিধা, যারা বৈধভাবে দেশে প্রবেশ করেও পরবর্তীতে নানা জটিলতায় অনিয়মিত হয়ে পড়েছেন। যেমন- ওয়ার্ক ভিসা নিয়ে এসে নিয়োগকর্তা চাকরি না দিলে বা নির্ধারিত সময়ের মধ্যে নতুন চাকরি না পেলে তারা অবৈধ হয়ে যান।
এছাড়া কিছু ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান বেতন থেকে কর কেটে রাখলেও তা সরকারে জমা না দেওয়া বা সময়মতো টিআরসি আবেদন সম্পন্ন না করার মতো অনিয়মের কারণেও কর্মীরা অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।
নতুন নিয়ম অনুযায়ী, যারা ইতোমধ্যে অবৈধ অবস্থায় আছেন, তাদের আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। এ সময়ের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে ওয়ার্ক পারমিট সংগ্রহ এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে। তবে শুরুতে কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজন হলে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যাদের বিরুদ্ধে ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ রয়েছে বা যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না। পুরো বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বিশেষ সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে, যা অনেক প্রবাসীর জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ খুলে দিয়েছে।
মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রে ডিপোর্টেশন ঝুঁকিতে অভিবাসীরা, রক্ষা পাওয়ার উপায় কী?
বাহরাইন প্রবাসীদের ভিসা নবায়ন নিয়ে সুখবর