নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।
স্থানীয়দের ভাষ্য, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পর ছুটি শেষে বাড়ি ফিরে সে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।
অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুল ইসলামকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে। স্থানীয়দের দাবি, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির জানান, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে মারধর করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইরান সংঘাতে পরাজয়ের মুখে ওয়াশিংটনের কৌশল?