মালদ্বীপে বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থান বাড়ানোর অনুরোধ

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

মালদ্বীপে আরও বেশি বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সেখানে কর্মরত বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষায় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বুধবার (১২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদের সৌজন্য সাক্ষাতে বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি জনশক্তি, পর্যটন, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মালদ্বীপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের চাহিদা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বিদ্যমান কর্মীদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

এ সময় পর্যটন ও বিনিয়োগসহ অন্যান্য খাতেও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে কর্মসংস্থান ও মানবসম্পদ সহযোগিতাকে দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

AHA
আরও পড়ুন