মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পাশাপাশি দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
হাইকমিশনের পরামর্শে বলা হয়েছে, মালয়েশিয়ার আইন, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।
চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে প্রতিষ্ঠানের নীতিমালা যাচাই করতে বলা হয়েছে। পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার কথা জানিয়েছে হাইকমিশন। কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে এর সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক কিংবা মন্তব্য না করার নির্দেশনা দেওয়া হয়েছে। গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে মালয়েশিয়ার আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত কনটেন্ট প্রচার না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া যথাযথ যাচাই ছাড়া ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ না দেওয়া, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার নির্দেশনা রয়েছে।
নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়েও সতর্ক করেছে হাইকমিশন। ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্ক থেকেও দূরে থাকতে বলা হয়েছে।
ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়ার পাশাপাশি অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন কিংবা প্রশংসা করে কোনো পোস্ট বা মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রতারণামূলক ও অতিরিক্ত ব্যয়বহুল নিয়োগপ্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকা শ্রমিকদের বিরুদ্ধে দেশটিতে নিয়মিত অভিযান ও আটকের ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের আইন মেনে চলা এবং অনলাইন কার্যক্রমে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিল বাংলাদেশ হাইকমিশন।
রাশিয়ায় বিস্ফোরণে বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে দুই শতাধিক বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা