চীনা নাগরিকের বিরুদ্ধে তিন মাসে ১৫ নারীকে প্রতারণার অভিযোগ

টিকটকে পরিচয়ের সূত্র ধরে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ঢাকায় এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিরুদ্ধে আরও কয়েকজন নারীকে প্রতারণার মাধ্যমে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে তার এমন সম্পর্কের তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য, টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন চেন ইয়ং। পরে বিয়ের প্রস্তাব দিয়ে স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজ তৈরি করে তাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন। এরপর ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন বয়সী কয়েকজন নারী মানিকগঞ্জ সদর থানায় আসেন। তাদের মধ্যে সাভারের এক নারী চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন।

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধান এবং চেন ইয়ংয়ের ব্যবহৃত মুঠোফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্কের তথ্য পাওয়া গেছে। এসব সম্পর্কের প্রকৃত ধরন, বিয়ের সংখ্যা এবং অন্য কোনো নারী তার মাধ্যমে ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেন ইয়ং দাবি করেছেন, বাংলাদেশে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে তিনি এসেছেন। চীনে তার একটি ছোট অটোগ্যারেজ রয়েছে এবং তিনি গাড়িচালক হিসেবেও কাজ করতেন। গত ১২ আগস্ট ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসার পর স্থানীয় কারও সঙ্গে তার আর্থিক লেনদেন হয়েছে কি না কিংবা কোনো প্রতারণা চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা খতিয়ে দেখছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে মানিকগঞ্জ সদর উপজেলার ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী মুঠোফোনে বড় বোনকে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। বিয়ের আশ্বাস দিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেওয়া হয়। পরে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে সে অভিযোগ করে।

বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চেন ইয়ংকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।