খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি। হামলার সময় বাড়িতে তার বাবা-মা ছিলেন বলেও জানিয়েছেন সাদিক।
রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন ডাকসু ভিপি। তার ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তার বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। একই সঙ্গে বাড়ির দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
সাদিক কায়েম জানান, হামলাকারীদের উদ্দেশ্য ছিল বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পুরো ঘরে অগ্নিসংযোগ করা। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
ফেসবুক পোস্টে সাদিক অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে তারা অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রতিশোধ নিতে চাইছেন বলেও দাবি করেন তিনি।
এ ধরনের হামলা তাদের আন্দোলন দমাতে পারবে না উল্লেখ করে সাদিক বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের চোরাগোপ্তা হামলা তাদের অবস্থান আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।
টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস