গত ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের ভাতায় অধিদপ্তর গঠনের ঘোষণা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাসিক ভাতা দেওয়ার লক্ষ্যে একটি অধিদপ্তর গঠন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপার কামান্নায় ২৭ বীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধারাও ভাতা পাবেন। পাশাপাশি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে যারা ভাতা নিচ্ছেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

আহমেদ আজম খান আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, পশ্চিমবঙ্গের এক মন্ত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। এর জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কেউ এ দেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না।

ভারতে অবস্থান করে যারা অগ্নিসন্ত্রাস ও বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন, তাঁদের দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত