পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া অবৈধ পথে ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দেশের এই মূল্যবান সম্পদ যেন কোনোভাবেই সীমান্ত পার হতে না পারে, সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির নজরদারি ও টহল বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, কোরবানির চামড়ার ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে এবং দেশের সম্পদ দেশের বাইরে পাচার হওয়া রুখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, হিলি সীমান্তের বিজিবি ক্যাম্পগুলোর অধীনস্থ চেকপোস্ট, বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এবং অরক্ষিত সীমান্ত পথগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা বিজিবির বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে।
কোনো ধরনের চোরাচালান বা অবৈধ পারাপার ঠেকাতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।