রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে তিনটি রহস্যময় ড্রোন উড়তে দেখে সেগুলো লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ২৭ বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ভিওডি বাংলা।
প্রতিবেদন অনুযায়ী, রাতে হঠাৎ জোনের হেলিপ্যাডের আকাশে তিনটি ড্রোন উড়তে দেখা যায়। এ সময় আশপাশের সব সীমান্ত পর্যবেক্ষণ পোস্টকে (বিওপি) সতর্ক করা হয়।
পরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে লাইট মেশিনগান (এলএমজি) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলির পর ড্রোনগুলো দ্রুত সরে যায়।
এ ঘটনার পর জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন জোন কমান্ডার।
তবে ড্রোনগুলো কোন দেশ থেকে পরিচালিত হচ্ছিল, কারা এগুলো নিয়ন্ত্রণ করছিল কিংবা সেগুলো কোনো দেশের সামরিক ড্রোন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ইয়েমেনে ৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত: সরকারি বাহিনী