বরগুনার তালতলী উপজেলায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মো. শাহজালাল (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোটভাইজোড়া আশ্রয়ণ কেন্দ্রের ১ নম্বর ব্যারাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহজালাল ওই আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই আশ্রয়ণ কেন্দ্রে অভিযান চালায়। এ সময় শাহজালালকে তার বসতঘরের সামনে থেকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল হাসান বাদী হয়ে শাহজালালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।