সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে দূরবৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী রেলস্টেশনের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাসিন্দা ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার বাসিন্দা লিটন মিয়া (৫০)।
চলন্ত অবস্থায় জানালার কাঁচ ভেঙে ভেতরে আসা পাথরের আঘাতে প্রথমে লিটন মিয়ার মাথা ফেটে যায় এবং পরবর্তীতে সেটি ফাহিমের গলায় আঘাত হানে।
ঘটনার পর রক্তাক্ত ও আতঙ্কিত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ট্রেনে যাত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জানান, বারবার জানালা বন্ধ রাখার অনুরোধ করা সত্ত্বেও গরমের কারণে যাত্রীরা তা খোলা রাখায় এই দুর্ঘটনা ঘটে।