খুলনায় মাঝনদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৪০ যাত্রী

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। সংঘর্ষের পর নদীতে পড়ে যাওয়া প্রায় ৪০ জন যাত্রীকে স্থানীয় নৌযান, ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধারকারী দল সতর্ক অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট এলাকায় মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।

নৌপুলিশ জানায়, সেনের ঘাট থেকে একটি ফেরি এবং জেলখানা ঘাট থেকে একটি ট্রলার ছেড়ে যায়। মাঝনদীতে দুটির মধ্যে সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর নদীর দুই পাড় থেকে ১৫ থেকে ২০টি নৌকা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে খুলনা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। নড়াইলে উদ্ধারকাজ শেষে ফেরার পথে থাকা একটি ডুবুরি দলও সেখানে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ জন নিখোঁজ থাকার আশঙ্কা করা হলেও তাদেরও উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নতুন করে কোনো যাত্রী নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে নৌপুলিশ।

তবে রাকিব নামে এক যুবক এখনো বাড়ি না ফেরায় তার পরিবার উদ্বিগ্ন। রাত ৯টা পর্যন্ত বন্ধুর সঙ্গে থাকার পর ঘাটের দিকে যাওয়ার কথা জানা গেলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রলারে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে তীব্র স্রোত থাকায় নৌপুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থল ও ভাটির দিকে নজরদারি করছে।