ডুবন্ত কার্গো থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুরের জিয়ানগরে দুর্ঘটনায় ডুবে যাওয়া কার্গো থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর এলাকা থেকে জিয়ানগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আব্দুল্লাহ একই এলাকার আলাল পশারীর ছোট ছেলে। 

থানা ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, গত ১২ জুন ঢাকা থেকে ছেড়ে আসা আকিজ গ্রুপের এমভি গ্রিন এসট্রল-১ নামের একটি কার্গো উমেদপুর এলাকার পাড়েরহাট মৎস্যবন্দর সংলগ্ন কচা নদীর চরে এসে দুর্ঘটনার স্বীকার হয়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কার্গোচালক, হেলপার ও কর্তৃপক্ষ নিরাপদে চলে যান। একই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহত আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরদিন পরিবারের লোকজন তাকে নানা জায়গায় খোঁজাখুঁজি করে। এরপর জাহাজের পাশে ছোট ডিঙ্গি নৌকায় নিহতের পায়ের একটি জুতা এবং কার্গো সিঁড়ির ওপর ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পেয়ে আব্দুল্লার বড় ভাই রানা পশারী ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রানা পশারী বলেন, আমার ভাই নিখোঁজ ছিল। আমি থানায় জিডিও করেছিলাম। আমার ভাই ওই জাহাজের কাছে কেন এবং কিভাবে গেছে সেটা আমি বুঝতে পারছি না। আমার ভাইয়ের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা সেটা ময়নাতদন্তের পরে বুঝতে পারব। 

জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, নিহত আব্দুল্লার ভাই রানার সাধারণ ডায়েরির ভিত্তিতে আব্দুল্লাহকে উদ্ধারের জন্য আমরা ফায়ার সার্ভিসকে চিঠি পাঠাই। ফায়ার সার্ভিস এবং আমাদের যৌথ অভিযানে আজ বিকেলে আব্দুল্লাহর মরদেহ অর্ধগলিত অবস্থায় জাহাজের ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হই। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।