ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারে অভিভাবক সমাবেশ ও মেধাবৃত্তির চেক বিতরণ

ঝালকাঠির সরকারি শিশু পরিবারের ছয় মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ১ লাখ ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
 
সোমবার (৬ জুলাই) দুপুরে সরকারি শিশু পরিবারের সভাকক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে এ চেক বিতরণ করা হয়।
 
ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।
অনুষ্ঠানে উচ্চতর পড়াশোনার জন্য তিনজন শিক্ষার্থীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের তিনজন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক প্রদান করা হয়।
 
এ সময় সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক খান মো. জসীম উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান সালাহউদ্দিন, অভিভাবক মো. বাবুল হোসেন এবং শিশু পরিবারের নিবাসী মেহেদী হাসান সজল বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার বিকাশে আর্থিক সহায়তার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তারা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।