বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড

বরগুনা পৌরশহরের পুলিশ লাইন এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো রোববার রাতেও পুলিশ লাইনের সামনের সড়কে বাসটি পার্কিং করে রাখা হয়েছিল। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা এতে আগুন দিয়ে পালিয়ে যায়।

বাসে আগুন জ্বলতে দেখে পুলিশ লাইন্সের সদস্যরা দ্রুত পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সড়কের পাশে পার্কিং করে রাখা বিআরটিসি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।