কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী টুকু

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতাই সমবায়ের মূল শক্তি। তৃণমূল পর্যায়ে ছোট ছোট সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে।

রোববার (৮ নভেম্বর) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সমবায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁদের হাতে ঋণের চেক তুলে দেন প্রতিমন্ত্রী। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সমবায় পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের উৎসাহ দেন।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. ইফতেখার হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ সমবায়ীরা। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমবায়ী নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন